গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ, নদীভাঙন রোধ, খাল খনন এবং অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব খাতে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে মোট ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং আগের দুটি প্রকল্পের সংশোধনী রয়েছে।
মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
কোন মন্ত্রণালয়ের কত প্রকল্প
অনুমোদিত প্রকল্পের সংখ্যায় এগিয়ে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর-রাজবাড়ী এবং সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। এ ছাড়া বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায় এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের প্রকল্প রয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পেও অনুমোদন দিয়েছে একনেক। দেশজুড়ে খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানো এর অন্যতম লক্ষ্য। পাশাপাশি জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদের ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা-সন্ধ্যা নদীর ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষার কাজও এ তালিকায় রয়েছে। ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
জয়পুরহাটের উন্নয়নে চার প্রকল্প
জয়পুরহাট জেলার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলাটিকে ঘিরে চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। একটি হলো জয়পুরহাট সড়ক বিভাগের আওতাধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা। অন্যটি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের আওতায় জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রথম অংশ অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনও অনুমোদিত হয়েছে।
অনুমোদন পেয়েছে আরও দুটি প্রকল্প
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের প্রকল্পেও একনেকের সম্মতি মিলেছে।
সব মিলিয়ে স্থানীয় যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, সেচ, নদীভাঙন প্রতিরোধ, পয়ঃনিষ্কাশন এবং সরকারি অবকাঠামো উন্নয়নের বিভিন্ন খাতে এসব প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন