চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনেই দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে মোট ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মাত্র তিন দিনেই এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার। প্রবাসীদের পাঠানো এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের নভেম্বরের প্রথম ১৪ দিনে গত বছরের তুলনায় বেশি প্রবাসী আয় এসেছে।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৬১ হাজার ৮২৯ কোটি টাকা।

অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫২ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ আয় সহায়তা করে। চলতি অর্থবছরে রেমিট্যান্সের এ ইতিবাচক ধারা দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।