অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এই বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) শ্রমিকরা কাজে যোগ দিয়ে কারখানা পুনরায় চালু করলে আগামী ৩০ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ১২ (১) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন (১৩ ডিসেম্বর পর্যন্ত) কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, রোববার সকালে শত শত শ্রমিক কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে বাধ্য হয়ে ফিরে যান। এক মাস কারখানা বন্ধ থাকলে সহস্রাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রমিক ও মালিকপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
মৌসুমী আক্তার নামের এক শ্রমিক অভিযোগ করেন, মালিকপক্ষ কয়েক বছর ধরেই বেতন নিয়ে টালবাহানা করছে। এর আগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রশাসনের হস্তক্ষেপে নির্দিষ্ট তারিখে বেতন দেওয়ার চুক্তি হয়েছিল। তিনি জানান, অক্টোবরের বেতন ১৫ তারিখে দেওয়ার কথা থাকলেও ১২ তারিখের বৈঠকে তা ২৫ তারিখে দেওয়ার কথা জানানো হয়, যা শ্রমিকরা মেনে নেননি।
অন্যদিকে, ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ব্যাংক থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এছাড়া শ্রমিকরা ঠিকমতো কাজে আসেন না এবং ওভারটাইম করতে না চাওয়ায় নির্ধারিত সময়ে পোশাকের শিপমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি দাবি করেন, ২৫ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা বলা হলেও শ্রমিকরা তা না মেনে আন্দোলনের চেষ্টা করায় বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, আগে থেকেই কারখানাটিতে বেতনের সমস্যা ছিল এবং প্রশাসনের মধ্যস্থতায় তা প্রতি মাসের ১০ তারিখ পরিশোধের নিয়ম করা হয়েছিল। এবার এক মাসের বকেয়ার জন্য মালিকপক্ষ ১৫ দিনের বেশি সময় চেয়েছিল, কিন্তু রোববার শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা তা মানতে রাজি হননি। ইউএনও জানান, ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের দায়িত্ব প্রশাসন নিলেও শ্রমিকরা শোনেননি; তবে তারা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা চালু করবে এবং সব ধরনের সহযোগিতা করা হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন