ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি কার্যকরের দাবিতে গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতির কারণে মহানগরীর মোট ৩৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকেরা প্রথমে জড়ো হন। পরে তাঁদের অবস্থান মহাসড়কে ছড়িয়ে পড়লে যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
তবে শ্রমিক অসন্তোষ পুরোপুরি কাটেনি। আন্দোলনের প্রভাব পড়েছে আশপাশের পোশাক কারখানাগুলোতেও। কর্তৃপক্ষ আজকের দিনের জন্য ১০টি কারখানা বন্ধ রেখেছে। পাশাপাশি এ পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চল ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন