শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব না হলে রোববার থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন পোশাকশিল্পের মালিকেরা। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে দুই সংগঠনের নেতারা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, শনিবার দেশের মোট ১৪৭টি পোশাক কারখানায় উৎপাদন চালানো সম্ভব হয়নি। এর মধ্যে ৫৫টি কারখানা আগে থেকেই শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। অন্য ৯২টি কারখানা চালু রাখার চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পারেনি।
তিনি বলেন, যেসব কারখানায় উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না, সেগুলোর মালিকেরা চাইলে রোববার থেকে একই আইনি ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে এ সিদ্ধান্ত কোনো বাণিজ্য সংগঠন সরাসরি চাপিয়ে দিচ্ছে না; সংশ্লিষ্ট কারখানার মালিকেরাই পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।
মাহমুদ হাসান খান আরও বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশ নেওয়া অধিকাংশ প্রতিনিধি মনে করেন, কারখানার সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনা এগিয়ে নেওয়া কঠিন। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কিছু এলাকায় কারখানা সচল রাখা যাচ্ছে না বলেও জানান তিনি।
মালিকদের দাবি, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কারখানা চালু রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। মাহমুদ হাসান খানের দেওয়া হিসাব অনুযায়ী, উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা আনুমানিক তিন লাখ। প্রতিটি কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক ধরে এ হিসাব করা হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন