পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এ ক্ষেত্রে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ সভাপতি জানান, চলমান পরিস্থিতির কারণে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা বন্ধ রাখতে হয়েছে মালিকপক্ষকে। শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে মাহমুদ হাসান খান আরও বলেন, একটি মহল কারখানার ভেতরে ভীতিকর পরিবেশ তৈরি করছে। এর ফলে সাধারণ শ্রমিকেরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন বলে তাঁর দাবি।
তিনি জানান, এ পরিস্থিতির প্রভাব দেশের তৈরি পোশাকশিল্পের ওপর পড়ছে। বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি সংকটে পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন