বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম ও ঋণখেলাপির প্রকৃত চিত্র প্রকাশ্যে আসায় সংকটের গভীরতা স্পষ্ট হচ্ছে। বর্তমানে দেশের ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করা নতুন বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনার পর বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র সামনে আসে। আগে ঋণের মূল অর্থের মাত্র দুই শতাংশ পরিশোধ করেই খেলাপি তালিকা থেকে বের হওয়ার সুযোগ ছিল। নতুন নিয়মে ৯০ দিন বা তার বেশি সময় ঋণের কিস্তি বকেয়া থাকলে তা খেলাপি হিসেবে গণ্য হচ্ছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর তুলনায় এ হার অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় অর্ধেক চলে যাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ পাওয়াকে ব্যাংকিং খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগের সরকারের আমলে ব্যাংক লুটপাটের যে ব্যবস্থা গড়ে উঠেছিল, তার প্রভাব এখনো মোকাবিলা করতে হচ্ছে।

এদিকে ব্যাংকিং খাতের সংকটের প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর পাশাপাশি জ্বালানি সংকট ও পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ দেশের উৎপাদন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। ফলে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও চাপ তৈরি হয়েছে।

ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে। তবে মুডিসের হিসাব অনুযায়ী, ব্যাংকিং খাত পুনর্গঠনে আগামী কয়েক বছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

নতুন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, সরকার ব্যাংকিং খাতের সমস্যাগুলো এড়িয়ে যাচ্ছে না। বরং ব্যাংকগুলোর আর্থিক হিসাব ও কার্যক্রমে স্বচ্ছতা আনার চেষ্টা করছে।

তবে সীমিত রাজস্ব আয়, বাজেট ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে স্থিতিশীল করাই নতুন সরকারের সামনে বড় পরীক্ষা।