স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ইলেকট্রিক গাড়ি, সব ক্ষেত্রেই এখন ফাস্ট চার্জিং প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই প্রযুক্তির সাহায্যে অল্প সময়েই ডিভাইসের ব্যাটারি অনেকটা চার্জ করা সম্ভব। ফলে ব্যস্ত জীবনে দ্রুত চার্জিং বেশ সুবিধাজনক। তবে এই সুবিধার পাশাপাশি অনেকের মনে প্রশ্ন, ফাস্ট চার্জিং কি ব্যাটারির আয়ু কমিয়ে দেয়?
বিশেষজ্ঞদের মতে, ফাস্ট চার্জিংয়ের কারণে লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষয় কিছু ক্ষেত্রে দ্রুত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করে ব্যাটারির গঠন, ব্যবহৃত প্রযুক্তি, চার্জের গতি এবং তাপমাত্রার ওপর। আধুনিক ডিভাইসে থাকা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও এই ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাস্ট চার্জিং কীভাবে কাজ করে?
বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ ও বৈদ্যুতিক গাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যাটারির মধ্যে লিথিয়াম-আয়ন ব্যাটারি অন্যতম। এই ব্যাটারিতে ক্যাথোড ও অ্যানোড নামে দুটি ইলেকট্রোড থাকে। চার্জ দেওয়ার সময় লিথিয়াম আয়ন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। আর ডিভাইস ব্যবহার করার সময় এই আয়নগুলো বিপরীত দিকে চলাচল করে বিদ্যুৎ সরবরাহ করে।
সাধারণ চার্জিংয়ের তুলনায় ফাস্ট চার্জিংয়ে বেশি কারেন্ট ব্যবহার করে অল্প সময়ে ব্যাটারিতে শক্তি সরবরাহ করা হয়। ফলে ব্যাটারি দ্রুত চার্জ হয়। তবে দ্রুত চার্জ নেওয়ার সক্ষমতা সব ব্যাটারির এক রকম নয়।
কোনো ব্যাটারি কত দ্রুত চার্জ নিতে পারবে, তা নির্ভর করে এর উপাদান, অভ্যন্তরীণ গঠন এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর। ফাস্ট চার্জিংয়ের উপযোগী ব্যাটারিতে এমন উপাদান ও নকশা ব্যবহার করা হয়, যাতে লিথিয়াম আয়ন দ্রুত চলাচল করতে পারে এবং অতিরিক্ত তাপের ঝুঁকি নিয়ন্ত্রণে থাকে।
ফাস্ট চার্জিংয়ে ব্যাটারির কী ধরনের ক্ষতি হয়?
লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই তার কার্যক্ষমতা হারায়। সময়ের সঙ্গে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে আসে। তবে অতিরিক্ত দ্রুত চার্জিং এবং উচ্চ তাপমাত্রা এই ক্ষয়প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।
ব্যাটারির ক্ষয়ের অন্যতম কারণ হলো লিথিয়াম প্লেটিং। দ্রুত চার্জ দেওয়ার সময় লিথিয়াম আয়নগুলো অ্যানোডের ভেতরে ঠিকভাবে প্রবেশ করতে না পারলে কিছু লিথিয়াম ধাতু হিসেবে এর পৃষ্ঠে জমা হতে পারে। এতে ব্যাটারির কার্যকর লিথিয়ামের পরিমাণ কমে যায় এবং চার্জ ধরে রাখার ক্ষমতা হ্রাস পেতে পারে।
কিছু ক্ষেত্রে লিথিয়াম প্লেটিংয়ের কারণে ডেনড্রাইট নামে সূঁচের মতো গঠন তৈরি হওয়ার ঝুঁকি থাকে। এগুলো ব্যাটারির অভ্যন্তরীণ বিভাজক স্তর ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে শর্ট সার্কিটসহ নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
অতিরিক্ত তাপ কেন ব্যাটারির জন্য ক্ষতিকর?
ফাস্ট চার্জিংয়ের সময় ব্যাটারির ভেতরে বিদ্যুৎ প্রবাহের কারণে তাপ উৎপন্ন হয়। চার্জের গতি বেশি হলে নির্দিষ্ট পরিস্থিতিতে তাপও বেশি তৈরি হতে পারে। অতিরিক্ত তাপ ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়া বাড়িয়ে দেয়। ফলে এর বিভিন্ন উপাদান দ্রুত ক্ষয় হতে পারে।
দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রায় থাকলে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে। বিরল ক্ষেত্রে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ফুলে যাওয়া, আগুন লাগা কিংবা থার্মাল রানঅ্যাওয়ের মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হতে পারে।
থার্মাল রানঅ্যাওয়ে হলো এমন একটি অবস্থা, যখন ব্যাটারির ভেতরের তাপমাত্রা ও রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে স্বাভাবিক ব্যবহারে আধুনিক ডিভাইসের নিরাপত্তাব্যবস্থা এ ধরনের ঝুঁকি কমাতে কাজ করে।
আধুনিক ফোনে ব্যাটারি সুরক্ষার ব্যবস্থা কীভাবে কাজ করে?
বর্তমানের অধিকাংশ আধুনিক স্মার্টফোন, ল্যাপটপ ও বৈদ্যুতিক গাড়িতে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। এটি চার্জ দেওয়ার সময় ব্যাটারির তাপমাত্রা, ভোল্টেজ ও কারেন্ট পর্যবেক্ষণ করে।
ব্যাটারির তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে সিস্টেমটি চার্জের গতি কমিয়ে দিতে পারে। প্রয়োজন হলে চার্জিং সাময়িকভাবে বন্ধও করে দেয়। এ কারণে অনেক স্মার্টফোন অতিরিক্ত গরম হলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখায়।
তবে এই সুরক্ষাব্যবস্থা থাকলেও ব্যাটারির স্বাভাবিক ক্ষয় পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তাই ফাস্ট চার্জিং সমর্থিত ডিভাইসেও চার্জ দেওয়ার সময় তাপমাত্রা ও চার্জিংয়ের পরিবেশের দিকে খেয়াল রাখা প্রয়োজন।
ব্যাটারির আয়ু বাড়াতে যেসব বিষয় মেনে চলবেন
ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন ভালো রাখতে চার্জিংয়ের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
১. অতিরিক্ত গরম জায়গায় চার্জ দেবেন না: সরাসরি রোদ পড়ে এমন স্থানে কিংবা গরম গাড়ির ভেতরে ফোন বা ল্যাপটপ চার্জ করা এড়িয়ে চলুন। অতিরিক্ত তাপ ব্যাটারির ক্ষয় বাড়াতে পারে।
২. খুব ঠান্ডা অবস্থায় চার্জ দেওয়া এড়িয়ে চলুন: অতিরিক্ত ঠান্ডায় ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়নের চলাচল বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে ঠান্ডা অবস্থায় দ্রুত চার্জ দেওয়া ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে।
৩. সম্ভব হলে ২০ থেকে ৮০ শতাংশ চার্জ রাখুন: প্রতিবার ব্যাটারি একেবারে শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করার প্রয়োজন নেই। দৈনন্দিন ব্যবহারে ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখা ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক হতে পারে।
৪. ভালো মানের চার্জার ব্যবহার করুন: ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য চার্জার ও কেবল ব্যবহার করুন। নিম্নমানের চার্জিং সরঞ্জাম এড়িয়ে চলুন।
৫. চার্জের সময় ডিভাইস অতিরিক্ত গরম হচ্ছে কি না দেখুন: চার্জ দেওয়ার সময় ফোন অস্বাভাবিক গরম হলে চার্জার খুলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। প্রয়োজনে ফোনের কভার খুলে রাখতে পারেন।
৬. চার্জিং সীমা ব্যবহারের সুবিধা কাজে লাগান: অনেক আধুনিক ফোন ও ল্যাপটপে ব্যাটারি প্রোটেকশন বা চার্জ লিমিট সুবিধা রয়েছে। সেটিংস থেকে এই সুবিধা চালু করলে দীর্ঘ সময় ব্যাটারির আয়ু ভালো রাখতে সহায়তা করতে পারে।
তাহলে কি ফাস্ট চার্জিং ব্যবহার বন্ধ করা উচিত?
ফাস্ট চার্জিং সুবিধাজনক হলেও এটি সব সময় ব্যবহার করলেই ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে, এমন নয়। ডিভাইসটি যদি ফাস্ট চার্জিং সমর্থন করে এবং উপযুক্ত চার্জার ব্যবহার করা হয়, তাহলে সাধারণত এই প্রযুক্তি ব্যবহার করা যায়।
তবে ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ধরে রাখতে অতিরিক্ত তাপ এড়িয়ে চলা, চার্জের মাত্রার দিকে খেয়াল রাখা এবং ডিভাইসের ব্যাটারি সুরক্ষার সেটিংস ব্যবহার করা ভালো। মনে রাখতে হবে, ব্যাটারির আয়ু শুধু চার্জিংয়ের গতির ওপর নির্ভর করে না। ব্যবহার, তাপমাত্রা ও ব্যাটারির নিজস্ব প্রযুক্তিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন