আগামী ১৭ নভেম্বর দিবাগত রাতে আকাশে দেখা মিলতে পারে বিরল মহাজাগতিক দৃশ্য লিওনিড উল্কাবৃষ্টির। আবহাওয়া পরিষ্কার থাকলে কোনো টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই খালি চোখে উপভোগ করা যাবে এই দৃশ্য। নাসার তথ্য অনুযায়ী, ওই রাতে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উজ্জ্বল আলোর রেখা তৈরি করতে পারে। বিশেষ করে ১৭ নভেম্বর মধ্যরাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত সময়টিকে উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযোগী বলে মনে করা হচ্ছে।

শীতের আগমনী বার্তার সঙ্গে রাতের আকাশে এমন মহাজাগতিক আয়োজন আকাশপ্রেমীদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসতে পারে। প্রতিবছর নভেম্বর মাসে দেখা যায় লিওনিড উল্কাবৃষ্টি। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা অসংখ্য ক্ষুদ্র মহাজাগতিক কণা ঘর্ষণের ফলে জ্বলে ওঠে। রাতের অন্ধকার আকাশে সেগুলোকে দ্রুত ছুটে চলা আলোর রেখার মতো দেখায়, যা সাধারণ মানুষের কাছে তারাখসা নামে পরিচিত।

নাসার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে লিওনিড উল্কাবৃষ্টির কার্যক্রম। এটি চলতে পারে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তবে পুরো সময়জুড়ে সমানভাবে উল্কা দেখা যাবে না। ১৭ নভেম্বর দিবাগত রাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত উল্কাবৃষ্টির সবচেয়ে ভালো দৃশ্য দেখার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশের পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫টি উল্কা দেখা যেতে পারে।

এই উল্কাবৃষ্টির বিশেষত্ব হলো, এটি দেখতে কোনো বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয় না। খালি চোখেই আকাশের দিকে তাকিয়ে উপভোগ করা সম্ভব এই প্রাকৃতিক দৃশ্য। পাশাপাশি ওই রাতে মধ্যরাতের দিকে চাঁদ অস্ত যাওয়ার কারণে আকাশ তুলনামূলক অন্ধকার থাকবে। ফলে উজ্জ্বল আলোর রেখাগুলো দেখার সম্ভাবনা আরও বাড়তে পারে। তবে মেঘ, কুয়াশা ও বায়ুমণ্ডলের অন্যান্য পরিস্থিতি দৃশ্যমানতার ওপর প্রভাব ফেলতে পারে।

লিওনিড উল্কাবৃষ্টির পেছনে রয়েছে টেম্পল-টুটল (55P/Tempel-Tuttle) নামের একটি ধূমকেতু। সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করার সময় এই ধূমকেতু মহাকাশে ধুলাবালি ও ক্ষুদ্র পাথুরে কণার একটি দীর্ঘ পথ রেখে যায়। পৃথিবী প্রতিবছর নভেম্বর মাসে নিজের কক্ষপথে চলার সময় ওই ধূলিকণায় ভরা অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করে। তখন ধূমকেতুর ফেলে যাওয়া ক্ষুদ্র কণাগুলো প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।

বায়ুমণ্ডলে প্রবেশের পর বায়ুর সঙ্গে ঘর্ষণের কারণে এসব কণা উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে। পৃথিবী থেকে তখন সেগুলোকে উজ্জ্বল আলোর রেখা হিসেবে দেখা যায়। এই ঘটনাকেই বলা হয় উল্কাবৃষ্টি। লিওনিড উল্কাবৃষ্টির নামকরণ করা হয়েছে সিংহমণ্ডল বা লিও নক্ষত্রমণ্ডলের নাম অনুসারে। কারণ আকাশের এই অংশ থেকেই উল্কাগুলো ছুটে আসছে বলে মনে হয়।

মহাজাগতিক এই দৃশ্য দেখতে চাইলে শহরের কৃত্রিম আলো থেকে দূরে খোলা জায়গা বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে ভবন, গাছপালা কিংবা অন্য কোনো স্থাপনা আকাশ দেখার ক্ষেত্রে বাধা তৈরি করে না, এমন জায়গা ভালো হবে। নির্দিষ্ট কোনো যন্ত্র ছাড়াই খালি চোখে আকাশ পর্যবেক্ষণ করা যাবে। তবে চোখকে অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় দিতে হবে।

আকাশ পরিষ্কার থাকলে এবং আশপাশে আলোর দূষণ কম থাকলে উল্কাগুলো তুলনামূলক স্পষ্ট দেখা যেতে পারে। তাই মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষও এই দৃশ্য উপভোগ করার সুযোগ নিতে পারেন। ১৭ নভেম্বর দিবাগত রাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত আকাশের দিকে চোখ রাখলেই মিলতে পারে প্রকৃতির এই মনোমুগ্ধকর আয়োজনের দেখা।