ছবি ও ছোট ভিডিও আদান-প্রদানের অভিজ্ঞতায় নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘জ্যাপস’ (Zaps) নামের একটি ফিচার নিয়ে কাজ করছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ছোট ভিডিও পাঠাতে পারবেন, যা প্রাপক একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের জ্যাপস?

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ নতুন ফিচারটির সন্ধান পেয়েছে প্রযুক্তিবিষয়ক পর্যবেক্ষক ওয়েবসাইট WABetaInfo। তবে ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। এমনকি বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে বিদ্যুতের ঝলকের মতো একটি আইকন যুক্ত হতে পারে। সেটিতে ট্যাপ করলে নতুন ক্যামেরা চালু হবে। এরপর ব্যবহারকারীরা সরাসরি ছবি বা ছোট ভিডিও ধারণ করে পরিচিতদের পাঠাতে পারবেন।

ইনস্টাগ্রামের ইনস্ট্যান্টসের মতো সুবিধা

হোয়াটসঅ্যাপের জ্যাপস ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ সুবিধার আদলে তৈরি হচ্ছে। ইনস্ট্যান্টসের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও প্রায় ছয় সেকেন্ডের ছোট ভিডিও শেয়ার করতে পারেন।

তবে হোয়াটসঅ্যাপের জ্যাপসে ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, তা এখনো জানা যায়নি। নতুন ফিচারটির মূল আকর্ষণ হলো, প্রাপক একবার ছবি বা ভিডিও দেখার পর সেটি আর দেখতে পারবেন না। তবে প্রেরক নিজের পাঠানো জ্যাপস চ্যাটে দেখতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপেও পাঠানো যাবে?

জ্যাপস শুধু ব্যক্তিগত চ্যাটে সীমাবদ্ধ না রেখে গ্রুপেও ব্যবহারের সুযোগ দিতে পারে হোয়াটসঅ্যাপ। এমনকি ভবিষ্যতে চ্যানেলেও এ সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার কথা প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাপক চাইলে পাঠানো ছবিতে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন। পাশাপাশি টেক্সট বার্তা পাঠিয়েও উত্তর দেওয়া যাবে। একসঙ্গে একাধিক জ্যাপস পাঠানো হলে সেগুলো আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তার মধ্যে সাজিয়ে দেখানোর ব্যবস্থাও থাকতে পারে। এতে চ্যাটে অপ্রয়োজনীয় বার্তার সংখ্যা কমবে।

জ্যাপসে থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন?

নিরাপত্তার বিষয়টিও নতুন ফিচারে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের অন্যান্য ব্যক্তিগত বার্তার মতো জ্যাপসেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকার কথা। এ ব্যবস্থা কার্যকর থাকলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ পাঠানো ছবি বা ভিডিওর বিষয়বস্তু দেখতে পারবেন না।

তবে ফিচারটির নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

কবে চালু হবে জ্যাপস?

নতুন ফিচারটির নাম, কার্যপদ্ধতি ও সম্ভাব্য সুবিধা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ। এটি কবে বেটা পরীক্ষকদের জন্য উন্মুক্ত হবে কিংবা সাধারণ ব্যবহারকারীরা কবে ব্যবহার করতে পারবেন, সে বিষয়েও নিশ্চিত কোনো সময়সূচি জানা যায়নি।

ফিচারটি পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী এর নকশা ও সুবিধায় পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি। তাই ব্যবহারকারীদের জন্য চালুর আগে জ্যাপসের চূড়ান্ত রূপে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।