জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন চারটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি। নতুন এসব সুবিধার মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা, নতুন সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে। এতে গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের পাশাপাশি সদস্যদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।
হোয়াটসঅ্যাপের নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো কোনো বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখার ব্যবস্থা। এত দিন গ্রুপ চ্যাটে কোনো বার্তা পিন করার সময় নির্দিষ্ট মেয়াদ নির্বাচন করতে হতো। ফলে নির্ধারিত সময় শেষ হলে বার্তাটি আর পিন করা অবস্থায় থাকত না। তবে নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে গুরুত্বপূর্ণ বার্তা কোনো সময়সীমা ছাড়াই চ্যাটের শীর্ষে রাখতে পারবেন।
এই সুবিধাটি বিশেষ করে বড় গ্রুপের ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারে। কোনো সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, গুরুত্বপূর্ণ ঠিকানা কিংবা জরুরি ঘোষণা সহজেই গ্রুপের সবার নজরে রাখা যাবে। এতে একই তথ্য বারবার খুঁজতে হবে না। পাশাপাশি নতুন ও পুরোনো সদস্যরাও গ্রুপের প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে নিতে পারবেন।
নতুন দ্বিতীয় সুবিধাটি হলো গ্রুপে যুক্ত হওয়া সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার করার ব্যবস্থা। এত দিন কোনো নতুন সদস্য গ্রুপে যোগ দিলে আগের আলোচনা সম্পর্কে জানতে তাকে গ্রুপের পুরোনো বার্তা খুঁজে দেখতে হতো। এতে অনেক সময় প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সমস্যা হতো। নতুন ব্যবস্থায় সেই জটিলতা অনেকটাই কমবে।
নতুন সদস্য গ্রুপে যুক্ত হওয়ার পর তার নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক বার্তাগুলো তার সঙ্গে শেয়ার করতে পারবেন অন্য সদস্যরা। ফলে শুরু থেকেই গ্রুপের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাবেন নতুন সদস্যরা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এভাবে শেয়ার করা বার্তাগুলোও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। অর্থাৎ বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে আগের নিরাপত্তাব্যবস্থাও বজায় থাকবে।
তৃতীয় সুবিধার মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করা যাবে। এত দিন ব্যবহারকারীরা নিজেদের গোপনীয়তা সেটিংস অনুযায়ী পরিচিত ব্যক্তিদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার করতে পারতেন। তবে নতুন ব্যবস্থায় কোনো নির্দিষ্ট গ্রুপের সদস্যদের উদ্দেশে স্ট্যাটাস প্রকাশ করা সম্ভব হবে। ফলে ব্যক্তিগত কিংবা গ্রুপভিত্তিক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।
নতুন এই স্ট্যাটাস সুবিধায় গ্রুপের সদস্যরা প্রকাশিত আপডেট দেখতে পারবেন এবং সেখানে প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই এসব আপডেট প্রকাশের ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফলে নির্দিষ্ট গ্রুপের বাইরে অন্যদের সঙ্গে কোনো আপডেট শেয়ার না করেও প্রয়োজনীয় তথ্য জানানো যাবে।
চতুর্থ সুবিধাটি গ্রুপের গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করবে। কোনো সদস্যকে মেনশন করা হলে কিংবা তার কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলো আলাদা করে খুঁজে পাওয়া যাবে। বিশেষ করে অনেক সদস্যের বড় গ্রুপে প্রতিদিন অসংখ্য বার্তা আদান-প্রদান হয়। ফলে প্রয়োজনীয় বার্তা খুঁজে পেতে পুরো কথোপকথন ঘাঁটতে হয়।
নতুন ফিল্টার ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মেনশন করা বার্তা এবং সরাসরি উত্তরগুলো সহজেই দেখতে পারবেন। এমনকি গ্রুপের সব সদস্যকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@all’ যুক্ত বার্তাও এই ফিল্টারের আওতায় থাকবে। ফলে গুরুত্বপূর্ণ আলোচনা ও নিজের উদ্দেশে পাঠানো বার্তা সহজেই নজরে আসবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন চারটি সুবিধা পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তাই সব ব্যবহারকারী একই সময়ে এসব সুবিধা পাবেন না। ধাপে ধাপে সুবিধাগুলো চালু হলে গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতায় আরও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন