‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতি বাস্তবায়নের উদ্যোগ কি আবারও দীর্ঘসূত্রতার মুখে পড়ছে? ৫০তম বিসিএসের ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব নিয়ে এমন প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএসের গেজেট ও যোগদান প্রক্রিয়ার অজুহাতে ফল প্রকাশ পিছিয়ে দেওয়া হচ্ছে। এতে সরকারের ঘোষিত দ্রুত বিসিএস সম্পন্ন করার উদ্যোগ নিয়ে প্রার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চাকরিপ্রার্থীদের দাবি, ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) স্পষ্ট করতে হবে। পূর্ববর্তী বিসিএসের গেজেট ও যোগদানের জন্য অপেক্ষা করাই যদি বিলম্বের কারণ হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট বিসিএসগুলোর নিয়োগ প্রক্রিয়া শেষে শূন্য থাকা পদগুলো ৫০তম বিসিএসে যুক্ত করতে হবে।

প্রার্থীরা জানান, ইতিমধ্যে ৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আগের বিসিএসের নিয়োগ কার্যক্রমের কারণে ৫০তম বিসিএসের ফল আটকে থাকার যুক্তি কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দীর্ঘ অপেক্ষার পরও যদি আগের বিসিএসগুলোর শূন্য পদ যুক্ত করা না হয়, তাহলে চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে।

তাঁদের মতে, ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বের পাশাপাশি শূন্য পদ পূরণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এতে একদিকে যেমন যোগ্য প্রার্থীরা নিয়োগের সুযোগ পাবেন, অন্যদিকে সরকারি কর্ম কমিশনের প্রতি তরুণ চাকরিপ্রার্থীদের আস্থাও বজায় থাকবে। অন্যথায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে তাঁদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

এদিকে পুলিশ ক্যাডারে নিয়োগের জন্য আলাদা বিশেষ বিসিএস নেওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। এ সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছেন ৫০তম বিসিএসের প্রার্থীরা। তাঁদের প্রশ্ন, চলমান বিসিএসে বিপুলসংখ্যক যোগ্য প্রার্থী থাকার পরও পুলিশ ক্যাডারের শূন্য পদ পূরণে আলাদা বিসিএস নেওয়ার প্রয়োজন কেন?

প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫০তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৬ হাজার ১৬৫ জন। অন্যদিকে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট পদ রয়েছে ২ হাজার ১৫০টি। এই অবস্থায় পুলিশ ক্যাডারের শূন্য পদগুলোও চলমান বিসিএসের মাধ্যমে পূরণের দাবি জানিয়েছেন তাঁরা।

চাকরিপ্রার্থীদের আশঙ্কা, আলাদা বিশেষ বিসিএস আয়োজন করা হলে অতিরিক্ত সময় ও সরকারি অর্থ ব্যয় হবে। অথচ ৫০তম বিসিএসেই পুলিশ ক্যাডারের পদ যুক্ত করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুযোগ রয়েছে। তাই নতুন করে বিশেষ বিসিএস আয়োজন না করে চলমান বিসিএসে পদসংখ্যা বাড়ানোর দাবি তাঁদের।

সব মিলিয়ে ৫০তম বিসিএসের ফল প্রকাশের সময়সীমা, শূন্য পদ যুক্ত করা এবং পুলিশ ক্যাডারে নিয়োগের বিষয়ে পিএসসির স্পষ্ট অবস্থান জানতে চান প্রার্থীরা। এ বিষয়ে পিএসসি চেয়ারম্যানের কাছ থেকে সুনির্দিষ্ট বক্তব্য বা সাক্ষাৎকার প্রত্যাশা করছেন তাঁরা। তাঁদের দাবি, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও নিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত জানানো হলে চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তা অনেকটাই কমবে।