একসময় মানুষের ধারণা ছিল, যে প্রতিষ্ঠানে ক্যারিয়ার শুরু হবে, সেখান থেকেই অবসর নিতে হবে। কিন্তু বর্তমান সময়ে, বিশেষ করে তরুণদের মধ্যে ‘জব হপিং’ বা ঘন ঘন চাকরি বদলানো অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এক বা দুই বছর, এমনকি ছয় মাস পরপরই চাকরি বদলে ফেলছেন। কেউ বেশি বেতনের আশায়, কেউ ভালো কাজের পরিবেশ পেতে, আবার কেউ শুধুই একঘেয়েমি কাটাতে নতুন সুযোগ খুঁজছেন।

তবে প্রশ্ন হলো, বারবার চাকরি বদলানো কি সত্যিই বুদ্ধিমানের কাজ, নাকি এর পেছনে দীর্ঘমেয়াদি কোনো ঝুঁকি লুকিয়ে আছে?

দ্রুত শেখা ও বেতন বাড়ার সুযোগ

ঘন ঘন চাকরি বদলানোর একটি বড় সুবিধা হলো দ্রুত শেখার সুযোগ। নতুন প্রতিষ্ঠানে গেলে নতুন কাজের ধরন, নতুন টিম ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যায়, যা দক্ষতা ও আত্মবিশ্বাস দুটোই বাড়ায়। এ ছাড়া, একই প্রতিষ্ঠানে থাকলে বছরে ৮-১০ শতাংশ ইনক্রিমেন্ট হলেও নতুন চাকরিতে গেলে ২৫-৩০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ার সুযোগ থাকে। তাই অনেক তরুণই চাকরি বদলকে একটি আর্থিক কৌশল হিসেবে দেখেন।

পেশাগত পরিচয়-সংকট ও সিভিতে নেতিবাচক প্রভাব

চাকরি বদল নিজের আগ্রহের জায়গা খুঁজে পেতে সাহায্য করলেও বারবার পরিবর্তনে পেশাগত পরিচয়-সংকট তৈরি হতে পারে। পাঁচ বছরে চারটি ভিন্ন চাকরি করলে প্রশ্ন উঠতে পারে, আপনি আসলে কোন কাজে সবচেয়ে বেশি দক্ষ?

এ ছাড়াও, অনেক নিয়োগদাতা ঘন ঘন চাকরি বদলকে সন্দেহের চোখে দেখেন। ছয়-আট মাসের ব্যবধানে চাকরি ছাড়ার ইতিহাস থাকলে সিভিতে ‘রেড ফ্ল্যাগ’ বা নেতিবাচক সংকেত তৈরি হয়। তারা ভাবতে পারেন, এই ব্যক্তি হয়তো স্থিতিশীল নন এবং কাজের চাপ বাড়লেই চাকরি ছেড়ে দেবেন।

মানসিক ক্লান্তি ও সম্পর্ক তৈরিতে বাধা

চাকরি বদলালে পরিচিতি ও নেটওয়ার্ক বাড়ে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হতে সময় লাগে। বারবার চলে গেলে সহকর্মীদের সঙ্গে বিশ্বাসের ভিত্তি দুর্বল হয়ে যায়। এর পাশাপাশি নতুন পরিবেশ, নতুন মানুষ ও নতুন প্রত্যাশার সঙ্গে বারবার মানিয়ে নেওয়া বেশ ক্লান্তিকর, যা মানসিক শক্তির অপচয় ঘটায়।

তাহলে কতদিন পর চাকরি বদল করা ভালো?

এর কোনো নির্দিষ্ট সূত্র নেই, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছু প্রশ্ন করা জরুরি। আপনি কি সমস্যা থেকে পালাচ্ছেন, নাকি নতুন সুযোগের দিকে যাচ্ছেন? নতুন চাকরি কি শুধু টাকা দিচ্ছে, নাকি শেখার সুযোগও দিচ্ছে? আপনি কি আগের চাকরিতে যথেষ্ট সময় দিয়ে দৃশ্যমান কোনো অবদান রেখেছেন?

এই উত্তরগুলো যদি ইতিবাচক হয়, তবে চাকরি বদলানো ঝুঁকি নয়, বরং কৌশল হতে পারে। তবে শেষ পর্যন্ত কেবল চাকরি বদল নয়, প্রতিটি বদল আপনাকে দক্ষ ও পরিণত করছে কি না, সেটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।