পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল করেছে এনসিপি। ১৩ নভেম্বর (শুক্রবার) রাত ৮টায় পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পোস্ট অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে মিছিলোত্তর প্রতিবাদ সভায় জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুর রশিদের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

এতে আরও বক্তব্য দেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা মনিরী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাফেজ মো. সায়েদ সিদ্দিক সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আশরাফুল সিফাত, অমিত দাশ ও তাজরিয়ান হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যেভাবে খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন, তাতে এ দেশে তাঁর আর রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে আসার যে স্টান্টবাজি তিনি করছেন, তা জনগণ বুঝে গেছে। তাঁর যদি এতই দেশপ্রেম থাকত, তাহলে দেশে থেকেই ছাত্র-জনতাকে মোকাবিলা করতেন, পালিয়ে যেতেন না। বর্তমানে যারা উঁকিঝুঁকি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা প্রস্তুত আছে। দেশবিরোধী কোনো কিছু করার চেষ্টা করা হলে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে।’
সভায় ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আমরা যারা জুলাইয়ের শক্তি, তাদের ওপর বারবার হামলা হচ্ছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আর কোনো সহযোদ্ধার ওপর হামলা করা হলে ছাত্র-জনতা বসে থাকবে না।’



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন