দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত বিস্তারের পরিকল্পনা করা হচ্ছে। এতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেলপথও বৈদ্যুতিক ট্রেন চলাচলের আওতায় আসতে পারে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর করিডোরকে দেশের প্রথম বৈদ্যুতিক রেলপথ হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে অর্থায়নের বড় অংশ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ২০২৮ সালের মাঝামাঝি সময়ে বড় পরিসরে নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের আওতায় আমদানি করা হবে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন। প্রতিটি ট্রেনের দুই প্রান্তে চালকের কক্ষ থাকায় দিক পরিবর্তনের জন্য ট্রেন ঘোরানোর প্রয়োজন হবে না।
পাইলট প্রকল্পের পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রেলওয়ে। রফিকুল ইসলামের মতে, রাজধানীর সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সংযোগ থাকায় এ রুটে বৈদ্যুতিক ট্রেন চালু হলে যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিবহণেও সুবিধা বাড়বে। বিশেষ করে কনটেইনার ও ভারী পণ্য পরিবহণে গতি আসতে পারে। একই সঙ্গে যাত্রার সময় এবং রেল পরিচালনার ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।
বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা রুটে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ কনটেইনার পরিবহণ করা হয়। এটি মোট কনটেইনার পরিবহণের প্রায় ৩ শতাংশ। অন্যদিকে, ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহণের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, বৈদ্যুতিক ট্রেনের পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলা গেলে রেলপথের বাণিজ্যিক সক্ষমতা আরও বাড়বে।
এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজও চলছে। ঢাকা-টঙ্গী অংশে তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণ এগিয়ে নেওয়া হচ্ছে। টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি জয়দেবপুরে ইএমইউ ট্রেনের জন্য আধুনিক ডিপো ও ওয়ার্কশপ স্থাপনে অতিরিক্ত জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রুটের মিটারগেজ লাইন ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজও চলছে।
রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, সরকার আপাতত ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর জোর দিচ্ছে। রফিকুল ইসলামের ভাষ্য, বুলেট ট্রেনের জন্য আনুমানিক দেড় লাখ কোটি থেকে আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমি অধিগ্রহণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ। সে তুলনায় বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলক বাস্তবসম্মত মনে করছে রেলওয়ে। এ ধরনের ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমতে পারে। প্রকল্পগুলোর পরিবেশগত সুফল মূল্যায়নের পাশাপাশি আন্তর্জাতিক প্রক্রিয়ায় কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন