পানির কল ছেড়ে নাপাক কাপড় ধোয়ার পরও কি তিনবার ধোয়া বাধ্যতামূলক - এ প্রশ্ন অনেকের মনেই আসে। জামা-কাপড়ে মল, রক্ত বা অন্য কোনো নাপাকি লাগলে তা পবিত্র করার জন্য নির্দিষ্ট সংখ্যকবার ধোয়া জরুরি কি না, তা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। ইসলামী বিধান অনুযায়ী, কাপড়ে লেগে থাকা নাপাকি দূর হয়ে গেলে এবং তার রং ও গন্ধ চলে গেলে কাপড় পবিত্র হয়ে যায়। এ ক্ষেত্রে তিনবার ধোয়া উত্তম হলেও সব পরিস্থিতিতে তা বাধ্যতামূলক নয়।
কাপড় পবিত্র করার ক্ষেত্রে মূল বিষয় হলো নাপাকির অস্তিত্ব দূর করা।
কাপড়ে নাপাকি লাগার পর পানি দিয়ে এমনভাবে ধুতে হবে, যাতে নাপাকির চিহ্ন ও গন্ধ দূর হয়।
কোনো কোনো ক্ষেত্রে একবার ধুলেই নাপাকি চলে যেতে পারে, আবার প্রয়োজন হলে একাধিকবার ধুতে হতে পারে। তাই শুধু তিনবার ধোয়ার সংখ্যার দিকে না তাকিয়ে নাপাকি দূর হয়েছে কি না, সেটিই গুরুত্ব দিয়ে দেখতে হবে।
প্রবাহিত পানিতে কাপড় ধোয়ার নিয়মও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
পানির কলের নিচে বা প্রবাহিত নদীর পানিতে কাপড় ধোয়ার সময় পানি চলমান রাখতে হবে এবং হাত দিয়ে কাপড় মলে পরিষ্কার করতে হবে।
এভাবে ধোয়ার পর কাপড়ের নাপাকি দূর হয়েছে বলে দৃঢ় বিশ্বাস হলে কাপড় ভালোভাবে নিংড়ে নিতে হবে।
নাপাকি দূর হওয়ার পর যথাযথভাবে নিংড়ানো হলে কাপড় পবিত্র বলে গণ্য হবে।
তবে শুধু কাপড়ের ওপর দিয়ে পানি প্রবাহিত করলেই সব ক্ষেত্রে পবিত্র হয়ে যাবে, এমন নয়।
হাত দিয়ে মলে নাপাকি দূর করার পাশাপাশি কাপড় ভালোভাবে নিংড়ানোও জরুরি।
বিশেষ করে এমন নাপাকি, যা সহজে চোখে দেখা যায় না, তা দূর হয়েছে কি না নিশ্চিত হওয়া প্রয়োজন।
অন্যদিকে, বালতি বা অন্য কোনো আবদ্ধ পাত্রে কাপড় ধোয়ার ক্ষেত্রে নিয়ম আলাদা।
এ ধরনের পানিতে কাপড় ধোয়ার সময় তিনবার ধুতে হবে এবং প্রতিবার ধোয়ার পর কাপড় নিংড়ে নিতে হবে।
পানি বদলে কাপড় আবার ধোয়া এবং প্রতিবার ভালোভাবে নিংড়ানোর মাধ্যমে তিনবার ধোয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পরিষ্কারের ক্ষেত্রেও মেশিনের ধরন বুঝে ব্যবস্থা নিতে হবে।
যেসব মেশিনে স্বয়ংক্রিয়ভাবে এক পাইপ দিয়ে পানি প্রবেশ করে এবং অন্য পাইপ দিয়ে ব্যবহৃত পানি বের হয়ে যায়, সেসব মেশিনে কাপড় রেখে তিনবার ধুলে কাপড় পবিত্র হয়ে যাবে।
এ ধরনের মেশিনে ধোয়ার পর স্বয়ংক্রিয়ভাবে কাপড় নিংড়ানো বা শুকানোর ব্যবস্থাও থাকে।
কিন্তু যেসব ওয়াশিং মেশিনে পানি স্বয়ংক্রিয়ভাবে বের হয় না, অথবা কাপড় ভালোভাবে নিংড়ানো যায় না, সেগুলোতে প্রতিবার ধোয়ার পর পানি বদলাতে হবে।
পাশাপাশি কাপড় মেশিন থেকে বের করে ভালোভাবে নিংড়ে নিতে হবে।
এভাবে নতুন পানি দিয়ে ধোয়া ও প্রতিবার নিংড়ানোর কাজ তিনবার সম্পন্ন করলে কাপড় পবিত্র হবে।
কাপড়ে যদি দৃশ্যমান নাপাকি, যেমন মল বা রক্ত লেগে থাকে, তাহলে ওয়াশিং মেশিনে দেওয়ার আগে তা ধুয়ে ফেলা ভালো।
কারণ নাপাকিসহ কাপড় মেশিনে দিলে তা পানির সঙ্গে মিশে অদৃশ্য নাপাকিতে পরিণত হতে পারে।
সে ক্ষেত্রে নির্ধারিত নিয়মে তিনবার ধোয়া ছাড়া কাপড় পবিত্র হবে না বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বুখারি ও মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কাপড় পরিষ্কারের ক্ষেত্রে তিনবার ধোয়া শর্ত নয়; বরং নাপাকি ও দুর্গন্ধ দূর হওয়াই মূল বিষয়।
ভালোভাবে ধোয়ার পরও কোনো দাগ থেকে গেলে তাতে অসুবিধা নেই এ মর্মে আহমাদের হাদিস এবং সহিহাহ গ্রন্থের উদ্ধৃতিও দেওয়া হয়েছে।
তাই কাপড় ধোয়ার পদ্ধতি অনুযায়ী নাপাকি দূর করা ও প্রয়োজনমতো নিংড়ে নেওয়ার বিষয়টি খেয়াল রাখতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন