নতুন একটি সম্পর্কে জড়ালে সঙ্গীর আগের সম্পর্ক নিয়ে টুকটাক কৌতূহল কাজ করা খুবই স্বাভাবিক একটি বিষয়। কথায় কথায় হয়তো কখনো উঠে আসে সঙ্গীর প্রাক্তনের প্রসঙ্গ। কত দিনের সম্পর্ক ছিল, কেন ব্রেকআপ হয়েছিল কিংবা বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ আছে কি না-এমন সাধারণ প্রশ্ন দিয়ে কৌতূহল শুরু হতে পারে।
তবে সমস্যা তৈরি হয় তখন, যখন এই কৌতূহল আর সাধারণ সীমার মধ্যে থাকে না। মানুষটি দেখতে কেমন ছিল, কোথায় কোথায় ঘুরতে যেত, এমনকি পুরোনো ছবিগুলো দেখার ইচ্ছেও অনেকের মনে উঁকি দেয়। সঙ্গীর জীবনের আগের অভিজ্ঞতাগুলো তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে-এ কথা সত্য হলেও সব তথ্য কি বর্তমান সম্পর্কের জন্য সত্যিই প্রয়োজনীয়? নাকি অতিরিক্ত কৌতূহল উল্টো সম্পর্ককে অস্বস্তি ও সন্দেহের দিকে ঠেলে দেয়?
কতটা জানা প্রয়োজন তা আগে ভাবুন
আগের সম্পর্কের প্রতিটি সূক্ষ্ম ঘটনা জানার কোনো যৌক্তিক কারণ নেই, তবে কিছু বিষয় বর্তমান সম্পর্কের জন্য প্রাসঙ্গিক হতে পারে। যেমন অতীতের কোনো নেতিবাচক অভিজ্ঞতা যদি বর্তমান সম্পর্কের আচরণের ওপর প্রভাব ফেলে, তবে তা নিয়ে কথা বলা জরুরি। কিন্তু প্রথম কোথায় দেখা করেছিল, কী নামে ডাকত বা কী উপহার দিত-এসব তথ্য কেবল কৌতূহলই মেটায়, বর্তমান সম্পর্ক বুঝতে কোনো সাহায্য করে না। বরং এসব জানার পর সঙ্গীর যেকোনো আচরণকে প্রাক্তনের সঙ্গে মেলানোর প্রবণতা তৈরি হতে পারে।
তুলনা শুরু হচ্ছে না তো?
অতিরিক্ত কৌতূহল থেকে অবচেতনভাবেই প্রাক্তনের সঙ্গে নিজের তুলনা শুরু হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতার কারণে সঙ্গীর প্রাক্তনকে খুঁজে বের করে তার বাহ্যিক রূপ, পড়াশোনা বা লাইফস্টাইলের সঙ্গে নিজের তুলনা করা বোকামি। কারণ আপনি এমন একজন মানুষের সঙ্গে প্রতিযোগিতা শুরু করছেন, যিনি এই সম্পর্কের অংশই নন। প্রাক্তনকে নিজের মানদণ্ড বানানো কেবল অপ্রয়োজনীয় মানসিক চাপই বাড়ায়।
সঙ্গীর ব্যক্তিগত সীমার প্রতি সম্মান
খোলামেলা আলোচনার অর্থ এই নয় যে সঙ্গীকে তার অতীতের প্রতিটি মুহূর্তের বিবরণ দিতে হবে। কোনো বিষয় যদি বর্তমান সম্পর্ককে সরাসরি প্রভাবিত না করে, তবে সঙ্গীর ব্যক্তিগত সীমাকে সম্মান জানানো উচিত। তিনি কিছু বলতে না চাইলে বা এড়িয়ে গেলে মনে করার কোনো কারণ নেই যে তিনি বড় কোনো রহস্য লুকাচ্ছেন। নিজের ক্ষেত্রেও একই মানদণ্ড বজায় রাখুন।
প্রাক্তনের প্রসঙ্গ কখন জরুরি?
অতীত তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন তা বর্তমানকে বাধাগ্রস্ত করে। সঙ্গী যদি নিয়মিত প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখেন, অতীত নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অথবা আপনাকে তার প্রাক্তনের সঙ্গে তুলনা করেন, তখন বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে সে ক্ষেত্রে প্রশ্নটি ‘তোমাদের মধ্যে আগে কী হয়েছিল?’ না হয়ে ‘এই যোগাযোগ আমাদের সম্পর্ককে কীভাবে প্রভাবিত করছে?’ হওয়া উচিত।
একটি সুন্দর ও সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রাক্তনের পুরো ইতিহাস জানা কখনোই কোনো শর্ত হতে পারে না। অতীতের সম্পর্ক নয়, বরং বর্তমান সম্পর্কের বিশ্বাস, সম্মান ও স্বচ্ছতাই নির্ধারণ করে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন