পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

‘আপনারা আমার বাবার জন্য ভোট চাইতে প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছেন, কষ্ট করেছেন। আপনাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ।’
কেলিশহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তরুণ রাজনীতিবিদ ও এমপি এনামুল হক এনামের পুত্র আকিবুল হক আকিব।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কেলিশহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্ট এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আকিবুল হক আকিব বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাই আমার বাবাকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছেন। আপনারা তাঁর জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন, অনেক কষ্ট করেছেন। আপনাদের এই শ্রম ও ভালোবাসার প্রতি আমি সব সময় কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা বলেছেন, প্রত্যেকের খোঁজখবর নিতে এবং এলাকার মানুষের কথা শুনতে। তাই আমি প্রতিটি ইউনিয়নে যাচ্ছি। সবার সঙ্গে কথা বলছি, খোঁজখবর নিচ্ছি। আপনাদের প্রত্যাশার কথাগুলো আমার বাবাকে জানাব। আপনাদের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’

সভায় সভাপতিত্ব করেন ১১ নম্বর কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম।

সভাপতির বক্তব্যে আবদুল আলম বলেন, ‘বিগত সময়ে কোনো এমপি নির্বাচনের পর এভাবে মানুষের খোঁজখবর নেননি। এমপি এনামুল হক এনাম জনগণের প্রত্যাশা পূরণে কথা রেখেছেন। ইতিমধ্যে রাস্তাঘাট সহ অনেক উন্নয়নের কাজ বরাদ্দ হয়েছে। কেলিশহর ইউনিয়নবাসী কৃতজ্ঞ।’

সভায় বিএনপি নেতা মো. জাহিদ, মো. সাইফুল আলম, বাবু প্রিয়বত দাশ, মো. আইয়ুব খান, মো. আবদুল সালাম, মো. মঞ্জু আলী, মো. ওহিদুল আলম, মো. জহির, নুরুল আলম বাচাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।