বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। এ লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের জন্য এ লটারি অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। লটারি অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক (টেকনিক্যাল) ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের মালয়েশীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।