ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রকে আবারও সামরিক অভিযানে যুক্ত করার চেষ্টা করছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। নতুন করে যুদ্ধ শুরু করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে মার্কিন প্রশাসনের মধ্যেও মতপার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে নতুন গোয়েন্দা তথ্য পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। ইসরায়েলের দাবি, ইরান দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনর্গঠন করছে। পাশাপাশি রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির সক্ষমতাও বাড়ানোর চেষ্টা করছে দেশটি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি এবং এখনই হামলা চালানোর সম্ভাব্য সুযোগও বিবেচনায় রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং নতুন করে যুদ্ধ শুরু করার পরিণতি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনের বিমান হামলায় যুক্তরাষ্ট্রকে অংশ নেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছেন। তবে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে নেতানিয়াহুর নিজের রাজনৈতিক অবস্থানও বর্তমানে অনিশ্চয়তার মুখে। গত মাসের নির্বাচনের পর ইসরায়েলের পার্লামেন্টে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হতে পারেননি। বিরোধী দলগুলোর একটি জোটও সরকার গঠনের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে নতুন করে যুদ্ধ শুরু হলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এবং নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সুযোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক আলোচনাও জোরদার হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফসহ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান শ্লোমি বাইন্ডারও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন।

সম্ভাব্য অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও বোমারু বিমান প্রস্তুত রাখা হয়েছে। সম্প্রতি তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছালে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করার ঘটনা এটি।

মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, নতুন হামলা হলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত, আইআরজিসির কমান্ড পোস্ট এবং জ্বালানি স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলার পরিকল্পনাও সামনে এনেছে। তবে জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তাবে এখনো সম্মতি দেননি ট্রাম্প।

নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের সাধারণ মানুষের বিদ্যুৎ ও শিল্পকারখানার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রস্তাবটি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

এদিকে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। আগের যুদ্ধের সময় দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু প্রত্যাশিত ফল না আসায় জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে এবং ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। প্রশাসনের একাংশ মনে করছে, অর্থনৈতিক চাপের মাধ্যমেই ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব।

তবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে সব ধরনের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প। ফলে কূটনৈতিক সমাধানের চেষ্টা, সামরিক প্রস্তুতি এবং নেতানিয়াহুর চাপের মধ্যে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট কোন পথে এগোবেন, তা এখনো অনিশ্চিত।