চ্যাটজিপিটি, জেমিনাইসহ বিভিন্ন এআই চ্যাটবট এখন আমাদের দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। চাকরির আবেদন লেখা, চিকিৎসার রিপোর্ট বোঝা কিংবা ব্যাংকের খরচের হিসাব বিশ্লেষণ সবকিছুতেই অনেকে এআইয়ের সাহায্য নিচ্ছেন। তবে কাজ সহজ করতে গিয়ে অজান্তেই ব্যক্তিগত ও গোপনীয় তথ্য শেয়ার করছেন অনেকে। বিশেষজ্ঞদের পরামর্শ, অনলাইন নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এআই চ্যাটবটে কিছু তথ্য দেওয়া থেকে বিরত থাকা জরুরি।

এআই চ্যাটবটে ব্যবহারকারীর লেখা বা আপলোড করা তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা এবং ব্যবহারকারীর গোপনীয়তা সেটিংসের ওপর নির্ভর করে। কিছু ক্ষেত্রে এসব তথ্য এআই মডেলের উন্নয়নে ব্যবহার হতে পারে। আবার নিরাপত্তার প্রয়োজনে কথোপকথনের কিছু অংশ পর্যালোচনা করা হতে পারে। তাই এআই ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্যের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

১. পাসওয়ার্ড, ওটিপি ও পিন নম্বর

ফেসবুক, ইমেইল কিংবা অন্য কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যা হলে এআইয়ের কাছে সমাধান জানতে পারেন। তবে কোনো অবস্থাতেই পাসওয়ার্ড, ওটিপি, পিন নম্বর বা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের গোপন কোড দেবেন না। সমস্যার স্ক্রিনশট পাঠানোর ক্ষেত্রেও সতর্ক থাকুন, যাতে সেখানে গোপন তথ্য দেখা না যায়।

২. জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদে ব্যক্তির পরিচয় শনাক্ত করার মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এসব নথি এআই চ্যাটবটে আপলোড করলে পরিচয় জালিয়াতি বা প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে। কোনো ফরমের নির্দেশনা বুঝতে চাইলে পুরো নথি না দিয়ে শুধু প্রয়োজনীয় অংশ দিন। সম্ভব হলে নাম, জন্মতারিখ ও পরিচয়পত্রের নম্বরের মতো তথ্য মুছে ফেলুন।

৩. ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের তথ্য

ব্যক্তিগত বাজেট তৈরি বা মাসিক খরচের হিসাব করতে এআইয়ের সাহায্য নেওয়া যায়। তবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য, সিভিভি কিংবা ব্যাংকিং পিন শেয়ার করা উচিত নয়। ব্যাংক স্টেটমেন্ট বিশ্লেষণের প্রয়োজন হলে পরিচয় শনাক্তকারী তথ্য বাদ দিয়ে শুধু খরচের পরিমাণ ও খাত উল্লেখ করুন।

৪. চিকিৎসার রিপোর্ট

রক্ত পরীক্ষার রিপোর্ট বা চিকিৎসাসংক্রান্ত কোনো শব্দের অর্থ জানতে এআই ব্যবহার করতে পারেন। তবে রিপোর্টে থাকা রোগীর নাম, হাসপাতালের নিবন্ধন নম্বর ও অন্যান্য ব্যক্তিগত তথ্য মুছে নেওয়া ভালো। শুধু প্রয়োজনীয় পরীক্ষার ফলাফল দিয়ে প্রশ্ন করুন। মনে রাখবেন, এআইয়ের ব্যাখ্যার ভিত্তিতে নিজে থেকে রোগ নির্ণয় বা ওষুধ পরিবর্তন করা উচিত নয়।

৫. ব্যক্তিগত ছবি

এআই দিয়ে ছবি সম্পাদনা এখন বেশ জনপ্রিয়। তবে নিজের বা অন্য কারও অন্তরঙ্গ ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা গোপনীয় ছবি চ্যাটবটে আপলোড করা থেকে বিরত থাকুন। সাধারণ ছবি দেওয়ার আগেও দেখে নিন, পেছনে বাড়ির ঠিকানা, গুরুত্বপূর্ণ নথি বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে কি না। শিশুদের ছবি ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন।

৬. অফিসের গোপন তথ্য

অফিসের ইমেইল লেখা বা প্রতিবেদন সম্পাদনায় এআই ব্যবহার করলে প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা করতে হবে। অপ্রকাশিত নথি, কর্মীদের বেতনের তথ্য, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কিংবা অভ্যন্তরীণ অভিযোগ সাধারণ এআই চ্যাটবটে আপলোড করা উচিত নয়। প্রয়োজন হলে নাম, পদবি ও পরিচয়সংক্রান্ত তথ্য বাদ দিয়ে শুধু সংশ্লিষ্ট অংশ ব্যবহার করুন।

৭. অন্যের ব্যক্তিগত কথোপকথন

ব্যক্তিগত সম্পর্কের সমস্যা নিয়ে পরামর্শ নিতে অনেকেই বন্ধু বা সঙ্গীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট এআইতে আপলোড করেন। কিন্তু সেখানে অন্য ব্যক্তির নাম, ফোন নম্বর, ছবি ও গোপনীয় তথ্য থাকতে পারে। তাই পুরো কথোপকথন না দিয়ে সমস্যাটি নিজের ভাষায় সংক্ষেপে তুলে ধরুন।

৮. আগে দেওয়া তথ্যের নিরাপত্তা

আগে এআই চ্যাটবটে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গোপনীয়তা সেটিংস পরীক্ষা করুন। চ্যাটজিপিটিতে ডেটা কন্ট্রোলস থেকে মডেল উন্নয়নে কথোপকথন ব্যবহারের সেটিং নিয়ন্ত্রণ করা যায়। টেম্পোরারি চ্যাট ব্যবহারের সুযোগও রয়েছে। জেমিনাইতেও তথ্য সংরক্ষণ ও ব্যবহারের জন্য বিভিন্ন সেটিংস রয়েছে।

তবে সেটিংস পরিবর্তন করলেই আগে দেওয়া সব তথ্য মুছে যায় না। প্রয়োজন হলে পুরোনো কথোপকথন মুছে ফেলার ব্যবস্থাও দেখতে হবে। ভুল করে পাসওয়ার্ড বা গোপন কোড দিয়ে ফেললে শুধু চ্যাট মুছে নিশ্চিন্ত না হয়ে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

এআই ব্যবহার করতে গিয়ে নিজের সব ব্যক্তিগত তথ্য প্রকাশ করার প্রয়োজন নেই। কোনো নথি বা ছবি আপলোড করার আগে সেখানে অপ্রয়োজনীয় তথ্য রয়েছে কি না, তা যাচাই করুন। একটু সচেতন থাকলেই ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে এআইয়ের সুবিধা নেওয়া সম্ভব।