পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় পাহাড় থেকে অপহৃত ২৫ কৃষকের মধ্যে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ১৮ জন কৃষক। ঘটনার ৩৬ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কৃষকদের ছেড়ে দেওয়া হলে তাঁরা বাড়িতে ফিরে আসেন। তাঁদের মধ্যে ১২-১৫ জনের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোয়ারপাড়া, মাহাদাবাজ ও খরনা কইশ্যাপাড়া এলাকায়। তাঁদের মধ্যে রোহিঙ্গা রয়েছেন ৮ জন।

গত ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব দিকে গহিন পাহাড়ে চাষাবাদের কাজ করতে গেলে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত হন ২৫-৩০ জন কৃষক। এরপর মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়। এক পরিবারের পক্ষ থেকে ৮০ হাজার টাকা পাঠানোর পর একজনকে মুক্তি দেওয়া হয়। একে একে সবার কাছ থেকে কম বেশি টাকা নেওয়ার পর ছাড়া পেয়েছে।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে দুই সহোদর আবদুল মন্নান (৪৫) ও ফরমান উদ্দীন নাসু (৩৬), জয়নাল আবেদিন (৪২), জসিম উদ্দীন (৩৮), সাইফুল ইসলাম (৩৮), মো. তানভীর (২২), আবদুল গণি (৩৫), মোহাম্মদ জাফর (৪৫), মো. মান্নান (৪০) ও মো. আইয়ুব (৩৬)-এর নাম পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন এসব কৃষকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা থেকে একে একে ১৮ জন বাড়িতে ফিরেছেন।

ভুক্তভোগী পরিবারের সূত্র জানায়, পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণের পর মুক্তিপণ দাবি করে। এ ঘটনা যেন বাইরে প্রকাশ না পায়, সে জন্য বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। মুক্তিপণ দেওয়ার পর তাদের ছাড়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার হাইদগাঁওয়ের ডোয়ারপাড়া এলাকায় এক ভুক্তভোগীর সঙ্গে কথা হলে তিনি তাঁর ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “পাহাড়ে দিনমজুরের কাজ করে পরিবার চালাই। কিন্তু আমরা নিরাপদে পাহাড়ে যেতে পারছি না। মঙ্গলবার সকালে হাইদগাঁওয়ের গহিন পাহাড়ে গেলে সন্ত্রাসীরা আমাদের ধরে হাত বেঁধে ফেলে। এরপর শুরু হয় নির্যাতন। কিছুক্ষণ পরপর মারধর ও লাঠিপেটা করা হয়। কয়েকজন মুক্তিপণ দিতে দেরি করায় তাঁদের বেদম পেটানো হয়। মুক্তিপণ পাওয়ার পর একে একে ৯ জনকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়। আমাদের গহিন পাহাড়ে রাঙ্গুনিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর মুক্তিপণ পেলে বোয়ালখালীর পাহাড়ে পটিয়ার কাছাকাছি এলাকায় ছেড়ে দেওয়া হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরি।”

আরেক ভুক্তভোগী বলেন, “পাহাড়ে যতদিন সেনা ক্যাম্প স্থাপন করা হবে না, ততদিন শান্তি ফিরবে না। অপহরণের ঘটনা এবারই নতুন নয়। আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। গত দুই মাস আগেও এ ধরনের ঘটনায় এক কৃষকের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে পাহাড়ি সন্ত্রাসীরা।”

তিনি সরকারের কাছে পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান। তাঁকে যে নির্যাতন করা হয়েছে, তা বাইরের কেউ জানতে পারলে ভবিষ্যতে পাহাড়ে যেতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে বুধবার রাতে পটিয়া থানায় আসেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ না পেলেও পুলিশ নিজেদের মতো বিষয়টি নিয়ে কাজ করেছে। এরপরই মূলত কয়েকজন কৃষক ফিরে এসেছেন বলে তাঁর দাবি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

পটিয়া হাইদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন মেম্বার জানান, মঙ্গলবার সকালে কৃষক অপহরণের ঘটনা ছড়িয়ে পড়লে ওই এলাকার কেউ আর পাহাড়ে যাননি। তবে কাছাকাছি এলাকাগুলোতে গিয়েছেন। প্রশাসন ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশা করেন।

এদিকে পুলিশের একটি দল কৃষক অপহরণের বিষয়টি তদন্তে নেমেছে বলে জানা গেছে। যেসব বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেসব নম্বরের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। যদিও পটিয়া থানা পুলিশ এ বিষয়ে বলতে নারাজ।

এক ভুক্তভোগী জানান, যেসব বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা নেওয়া হয়েছে, সেসব সিম থেকে টাকা তুলে ফেলার পর সিমগুলো নষ্ট করে ফেলা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অপহৃত সবাই মুক্তি পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও পুলিশ বিষয়টি নিয়ে কাজ করেছে। সেনা ক্যাম্প স্থাপনের বিষয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। জেলা প্রশাসককে জানালে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন।”