প্রকৌশলী মা-বাবার সন্তান হয়েও প্রযুক্তির প্রচলিত পথে ক্যারিয়ার শুরু করেননি ম্যাডিসন হুয়াং। বরং নিজের আগ্রহকে গুরুত্ব দিয়ে পেশাদার রান্নার জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর পেস্ট্রি তৈরি, বিলাসবহুল পণ্যের ব্র্যান্ডিং ও ব্যবসায়িক কৌশল নিয়ে কাজ করে শেষ পর্যন্ত যোগ দেন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ায়। বর্তমানে প্রতিষ্ঠানটির ফিজিক্যাল এআই প্রযুক্তি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্বে রয়েছেন তিনি।
ম্যাডিসনের বাবা এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং এবং মা লরি হুয়াং দুজনই তড়িৎ প্রকৌশলী। ফলে ছোটবেলা থেকেই প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক পরিবেশের সঙ্গে পরিচিত ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই একসময় মা-বাবার মতো প্রকৌশল পড়ার কথা ভেবেছিলেন। কিন্তু বাবার পরামর্শে নিজের পছন্দের বিষয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২০২৬ সালের এপ্রিলে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির রোবোটিকস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় নিজের সেই সিদ্ধান্তের কথা তুলে ধরেন ম্যাডিসন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে ভর্তির পরিকল্পনা থাকলেও পরে সেই আবেদন প্রত্যাহার করেন। পরিবর্তে যুক্তরাষ্ট্রের কালিনারি ইনস্টিটিউট অব আমেরিয়ায় ভর্তি হয়ে ২০১২ সালে স্নাতক সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পেশাদার রান্নাঘরে কাজ করেন ম্যাডিসন। মায়ামি, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কাজের অভিজ্ঞতা অর্জনের পর পাড়ি জমান ইউরোপে। সেখানে প্যারিসের ল্য কর্দোঁ ব্লুতে পেস্ট্রি তৈরির প্রশিক্ষণ নেন। পাশাপাশি লন্ডনে ফাইন ওয়াইন বিষয়ে পড়াশোনা করেন।
রন্ধনশিল্পের অভিজ্ঞতা তাঁকে খাবারের ব্যবসা ও বিলাসবহুল পণ্যের বাজার সম্পর্কে আগ্রহী করে তোলে। সেই আগ্রহ থেকেই ফরাসি বিলাসবহুল পণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচে যোগ দেন তিনি। সেখানে প্রায় চার বছর মার্কেটিং ও ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে প্রযুক্তি খাতে তাঁর কাজের ভিত্তি তৈরিতে সহায়তা করে।
ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে ২০১৯ সালে লন্ডন বিজনেস স্কুলে মার্কেটিং ও স্ট্র্যাটেজি বিষয়ে এমবিএ শুরু করেন ম্যাডিসন। এর পরের বছর, ২০২০ সালে শিক্ষানবিশ হিসেবে বাবার প্রতিষ্ঠিত এনভিডিয়ায় যোগ দেন। শুরুতে প্রতিষ্ঠানটির অমনিভার্স প্ল্যাটফর্ম ও রোবোটিকস ব্যবসার পণ্য বিপণন নিয়ে কাজ করেন।
বর্তমানে এনভিডিয়ার ফিজিক্যাল এআই প্ল্যাটফর্ম অমনিভার্স, কসমস ও আইজ্যাকের প্রোডাক্ট এবং টেকনিক্যাল মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৫ বছর বয়সী ম্যাডিসন। অর্থাৎ রান্নার জগৎ থেকে শুরু হওয়া তাঁর পেশাগত যাত্রা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস প্রযুক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্র পর্যন্ত পৌঁছেছে।
নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেন ম্যাডিসন। এগুলো হলো নিজের কাজে দক্ষতা অর্জন, ছোটখাটো বিষয়েও গভীর মনোযোগ এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে নতুনভাবে গড়ে তোলার মানসিকতা। তাঁর মতে, পেশা রান্না, বিলাসবহুল ব্র্যান্ডিং কিংবা প্রযুক্তি যে ক্ষেত্রেই হোক, এমন কাজ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, যেখানে বাস্তব ও দৃশ্যমান কিছু তৈরি করার সুযোগ থাকে।
ম্যাডিসনের এই পথচলা দেখিয়েছে, পারিবারিক পরিচয় বা প্রচলিত ধারণা দিয়ে কারও পেশাগত ভবিষ্যৎ নির্ধারিত হয় না। নিজের আগ্রহকে অনুসরণ করে একাধিক ভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেও প্রযুক্তির মতো প্রতিযোগিতামূলক জগতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করা সম্ভব।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন