কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এক বিশেষ অভিযানে নাফ নদ হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, এই অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় সাবরাং ইউনিয়নের গোলার পাড়া এলাকার লালু মিয়ার ছেলে মো. হোসেনকে (৫০) আটক করা হয়। একই এলাকার বসুর ছেলে মো. শাকের পালিয়ে যাওয়ায় তাকে এ ঘটনার পলাতক আসামি করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকা দিয়ে নাফ নদ হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর ভিত্তিতে সাবরাং বিওপির বিশেষ টহল দল একটি স্পিডবোটসহ নাফ নদের সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান নেয়। রাতে বিজিবির টহল দল থার্মাল ইমেজার এবং রাডারের সাহায্যে মিয়ানমার থেকে আসা দুজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
একপর্যায়ে ওই ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে একজন সন্দেহভাজন ব্যক্তি সাঁতরে পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবির আভিযানিক দল অপর এক ব্যক্তিকে একটি বস্তাসহ নাফ নদ থেকে আটক করে। আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ওই ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন