পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

পটিয়ায় তৃতীয়বারের মতো ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় পাঁচ শতাধিক বাছাই করা শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পটিয়ার ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নামমাত্র মূল্যে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মাস্টার সেলিম উদ্দিন, আমিনুল ইসলাম, গাজী জুবায়ের, গাজী মিনহাজ উদ্দিনসহ পরিষদের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার প্রতিফলন ঘটানো এবং তাদের প্রতিভা বিকাশে উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে আগামী দিনগুলোতেও এ কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।