কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়লেও এর ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না বলে শিক্ষার্থীদের সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর মতে, শিক্ষার্থীদের শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, অর্জন করতে হবে প্রকৃত জ্ঞান। পাশাপাশি সেই জ্ঞান যথাযথভাবে প্রয়োগের প্রজ্ঞাও থাকতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এ সময় মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে বিষয় বুঝে শেখা এবং প্রযুক্তির তথ্য যাচাই করার সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের পরও শ্রেণিকক্ষে অনেক শিক্ষার্থীর দুর্বলতা দেখা যাচ্ছে। এর একটি কারণ হিসেবে মুখস্থ করে শেখার প্রবণতার কথা তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, শিক্ষার্থীদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে এআইয়ের দেওয়া তথ্যও যাচাই ও বিচার করতে পারে। শুধু এআই ব্যবহার করে একের পর এক প্রতিবেদন তৈরি করাই যথেষ্ট নয়।
শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে রোববার গুগলের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষকদের পাঠদান সহজ করা এবং শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের উপায় নিয়ে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা পুরোনো ধারায় আর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে না। শিক্ষার মান বাড়াতে সময়োপযোগী পরিবর্তন ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকেও নতুন শিক্ষাপদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
শিক্ষা খাতে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনের জন্য ২০০টি বাস দেওয়া এবং ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নিজ হাতে ১ হাজার ৫০০টি কম্পিউটার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া এ বছর ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। ভবিষ্যতে বিজ্ঞানীদেরও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন