ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দিয়ে একাধিক বিভাগের দায়িত্ব নির্দিষ্ট কয়েকজন প্রশাসনিক ব্যক্তির হাতে রাখার ঘটনায় উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই উপ-উপাচার্যের বিএনপির বিভিন্ন কমিটিতে সম্পৃক্ততার বিষয়টিও প্রশ্নের মুখে তুলেছে সংগঠনটি। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিরপেক্ষতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছে তারা।

রোববার (১৫ নভেম্বর) এইচআরডিএসের দপ্তর সম্পাদক মো. তারিফ আহাম্মেদ তুহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি এসব উদ্বেগ জানায়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি ভাষা ও সাহিত্য এবং সংস্কৃত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। উর্দু বিভাগের দায়িত্বে রয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম। অন্যদিকে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্ব পালন করছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এইচআরডিএসের অভিযোগ, নিয়মিত বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ না দিয়ে কয়েকজন ব্যক্তির মধ্যে একাধিক বিভাগের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব ভাগ করে দেওয়ার ফলে ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে। সংগঠনটি মনে করিয়ে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ৩৬ নম্বর সংবিধিতে বিভাগীয় চেয়ারম্যান নিয়োগের বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতা ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে চেয়ারম্যান নিয়োগের কথা বলা হয়েছে।

এ অবস্থায় যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হচ্ছে না কেন, তা জানতে চেয়েছে সংগঠনটি। পাশাপাশি অন্য বিভাগের শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের এসব দায়িত্ব দেওয়ার আইনগত ভিত্তি প্রকাশের দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক। আর দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজ্জাদেদী আলফেসানী বিএনপির গঠিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনসংক্রান্ত সমন্বয় কমিটির সদস্য। গত ৩ সেপ্টেম্বর দলটি এই কমিটি গঠন করে।

এই কমিটির কাজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং দল-সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনা করা। এইচআরডিএসের মতে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের এ ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা প্রশাসনিক নিরপেক্ষতা ও সম্ভাব্য স্বার্থের সংঘাতের প্রশ্ন তৈরি করে।

সংগঠনটি জানিয়েছে, সংশ্লিষ্ট উপ-উপাচার্যরা গণমাধ্যমে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার কথা বলেছেন। উপাচার্যও রাজনৈতিক দলের কমিটিতে কাকে রাখা হবে, সেটি সংশ্লিষ্ট দলের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তবে এইচআরডিএসের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের নিরপেক্ষতা শুধু ব্যক্তিগত আশ্বাসের বিষয় নয়; এটি প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিনেট নির্বাচনসংশ্লিষ্ট কার্যক্রমে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা স্বার্থের সংঘাত তৈরি করতে পারে।

বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক করা এবং শীর্ষ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলা। এক রাজনৈতিক কর্তৃত্বের পরিবর্তে অন্য রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা কিংবা প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত করা সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

এসব পরিস্থিতি থেকে উত্তরণে সাত দফা দাবি জানিয়েছে এইচআরডিএস। দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ৩৬ নম্বর সংবিধি অনুসরণ করে বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ, সংশ্লিষ্ট পাঁচটি বিভাগে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেওয়ার কারণ ও দায়িত্ব বণ্টনের আইনগত ভিত্তি প্রকাশ এবং দ্রুত নিয়মিত চেয়ারম্যান নিয়োগ নিশ্চিত করা।

এ ছাড়া উপাচার্য ও উপ-উপাচার্যদের রাজনৈতিক দলের পদ এবং নির্বাচনসংশ্লিষ্ট কমিটিতে সম্পৃক্ততার বিষয়টি প্রশাসনিক নিরপেক্ষতা ও সম্ভাব্য স্বার্থের সংঘাতের আলোকে পর্যালোচনার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রশাসনিক দায়িত্ব বণ্টনে পেশাগত যোগ্যতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া এবং রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত বিরোধ বা অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে কোনো শিক্ষককে দায়িত্ব ও অধিকার থেকে বঞ্চিত না করার কথাও বলা হয়েছে।

বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা, জবাবদিহি, মানবাধিকার ও একাডেমিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিধিবহির্ভূত প্রশাসনিক চর্চা বন্ধ করে দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডিএস।