বিজয়ের মাসের প্রথম দিনেই উৎসবমুখর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ১ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হবে। এতে নেতৃত্ব দেবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টায় র্যালি শুরু হবে।
কর্মসূচিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যদের সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখান থেকেই উপাচার্যের নেতৃত্বে বিজয় র্যালির যাত্রা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিরাও এ আয়োজনে অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
র্যালিটি ক্যাম্পাসের টিএসসি এলাকা অতিক্রম করে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। সেখানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের চেতনাকে কেন্দ্র করে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে এ পরিবেশনা অনুষ্ঠিত হবে।
বিজয় দিবস উদযাপনের এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। র্যালি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিজয়ের মাসের শুরুতে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও গৌরব স্মরণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন