বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে চীন সরকার। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চীনা সরকারি বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। পূর্ণ অর্থায়নের এ বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও মাসিক ভাতার পাশাপাশি বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়াও দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে ‘টাইপ এ’ ক্যাটাগরিতে এ বৃত্তির আবেদন করতে পারবেন আগ্রহীরা। নিয়মিত ডিগ্রি প্রোগ্রামের পাশাপাশি সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্রম অনুযায়ী ভর্তি এবং ভাষাগত যোগ্যতার শর্তে পার্থক্য থাকতে পারে।

বৃত্তিতে যেসব সুবিধা পাওয়া যাবে

এটি পূর্ণ অর্থায়নের সরকারি বৃত্তি। নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসনে বিনা খরচে থাকার ব্যবস্থা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের বড় একটি আর্থিক চাপ কমবে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফলের পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। স্নাতক পর্যায়ে আবেদনের জন্য বয়স সাধারণত ২৫ বছরের নিচে, স্নাতকোত্তরে ৩৫ বছরের নিচে এবং পিএইচডিতে ৪০ বছরের নিচে হতে হবে। সাধারণ স্কলার কর্মসূচিতে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর এবং সিনিয়র স্কলার কর্মসূচিতে ৫০ বছর।

স্নাতক পর্যায়ে আবেদনকারীদের বৈধ চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (সিএসসিএ) পরীক্ষার ফল জমা দিতে হবে। চীনা ভাষায় পরিচালিত শিক্ষাক্রমের ক্ষেত্রে নির্ধারিত স্তরের এইচএসকে সনদ প্রয়োজন হতে পারে। অন্যদিকে, ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী আইইএলটিএস, টোয়েফল বা সমমানের ভাষাগত দক্ষতার প্রমাণ চাওয়া হতে পারে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের জন্য প্রথমেই প্রয়োজনীয় নথিগুলো প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্টের তথ্যপাতার কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, ভাষাগত দক্ষতার প্রমাণ এবং অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা। পছন্দের বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্‌ভর্তির চিঠি বা সংশ্লিষ্ট নথি থাকলে সেটিও জমা দিতে হবে।

স্নাতকোত্তর, পিএইচডি ও সিনিয়র স্কলার কর্মসূচিতে আবেদনকারীদের দুটি সুপারিশপত্র প্রয়োজন হবে। এ ছাড়া ছয় মাসের বেশি সময় চীনে অবস্থানের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সও প্রয়োজন হতে পারে। বিশ্ববিদ্যালয় বা শিক্ষাক্রমভেদে অতিরিক্ত নথি চাওয়া হতে পারে।

যেভাবে আবেদন করবেন

আবেদন করতে প্রথমে চীনা সরকারি বৃত্তির ওয়েবসাইট www.campuschina.org অথবা Campus China পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর পছন্দের শিক্ষাক্রম ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি-শর্ত যাচাই করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরমে প্রোগ্রাম ক্যাটাগরি হিসেবে ‘Type A’ নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে এজেন্সি নম্বর হিসেবে 0501 ব্যবহার করতে হবে। এরপর পাসপোর্ট, শিক্ষাগত সনদ, নম্বরপত্র, ভাষাগত যোগ্যতার প্রমাণ, গবেষণা বা অধ্যয়ন পরিকল্পনা এবং প্রয়োজনীয় অন্যান্য নথি নির্ধারিত জায়গায় আপলোড করতে হবে। সব তথ্য ঠিকভাবে পূরণ হয়েছে কি না যাচাই করে আবেদন জমা দিতে হবে।

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

আবেদন করার আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি নেওয়া হচ্ছে কি না, পাঠদানের ভাষা কী এবং অতিরিক্ত কী কী যোগ্যতা প্রয়োজন, তা যাচাই করা জরুরি। বিশেষ করে স্নাতক পর্যায়ের আবেদনকারীদের সিএসসিএ পরীক্ষার শর্ত এবং উচ্চতর ডিগ্রির আবেদনকারীদের সুপারিশপত্র ও গবেষণা পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। শেষ মুহূর্তের জটিলতা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র আগেই সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

চায়না স্কলারশিপ কাউন্সিল জানিয়েছে, এ বৃত্তির আবেদন গ্রহণের জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে অনুমোদন দেওয়া হয়নি। তাই আবেদন করতে কোনো দালাল বা এজেন্সির ওপর নির্ভর না করে সরাসরি সরকারি পোর্টাল ব্যবহার করতে হবে। বৃত্তির বিস্তারিত নিয়ম, আবেদন নির্দেশিকা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি এবং চায়না স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটে। আগ্রহীদের ১০ জানুয়ারি ২০২৭-এর মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।