বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আসতে পারে। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। ফলে ফল পুনঃনিরীক্ষার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ৫ ডিসেম্বর। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা নির্ধারিত রয়েছে ১৬ জানুয়ারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮, ৯ ও ১৬ জানুয়ারি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। হাইকোর্টের আদেশের ফলে এসব পরীক্ষার সময়সূচি নিয়েও নতুন করে সিদ্ধান্ত আসতে পারে।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের সম্ভাবনা ও ভর্তি কার্যক্রমের সময়সূচি বিবেচনায় বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন