রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এর প্রভাবে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা মরিচসহ কয়েক ধরনের সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত দুই সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দামও। তবে এর বিপরীতে বেড়েছে মোটা চাল ও চিনির দাম।

বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হওয়ায় আগাম সবজি বাজারে আসছে। ঢাকাসহ দেশের সব এলাকায় শীতের প্রভাব পুরোপুরি পড়তে আরও ১৫ থেকে ২০ দিন লাগতে পারে। শীত মৌসুমে সবজির উৎপাদন ও সরবরাহ সাধারণত বাড়ে। ফলে তখন দাম আরও কমার সম্ভাবনা থাকে। ভালো দামের আশায় অনেক কৃষক আগেভাগেই শীতকালীন সবজির চাষ করেছেন, যার ফল এখন বাজারে পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। এসব বাজারে ফুলকপি, শিম, মুলা ও লালশাকের মতো সবজি তুলনামূলক কম দামে মিলছে। যেমন মাঝারি আকারের একটি ফুলকপি ৩৫ টাকা এবং আধা কেজি শিম ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক কিনলে মোট খরচ পড়ছে প্রায় ১০০ টাকা।

তবে নতুন মৌসুমের কিছু সবজির দাম এখনো বেশি। বাজারে নতুন দেশি টমেটো প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা এবং নতুন আলু ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা এসব পণ্য কেনা থেকে বিরত থাকছেন। অন্যদিকে পুরোনো আলু পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকায়। দুই সপ্তাহ আগে বড় আকারের ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এখন দাম নেমে এসেছে ৪০ থেকে ৫০ টাকায়। কাঁচা মরিচের দামও কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি।

সবজির পাশাপাশি মুরগি ও ডিমের বাজারেও কিছুটা স্বস্তি এসেছে। কয়েক মাস ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও গত দুই সপ্তাহে দাম কমে ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে। ফার্মের বাদামি ডিমের দামও ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকা হয়েছে। তবে চাল ও চিনির ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৫০ থেকে ৫৮ টাকা হয়েছে। চিনির দামও কেজিতে ২ টাকা বেড়ে ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।