ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রা শুরুর পর থেকেই যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। রুট সম্প্রসারণের প্রথম ১৪ দিনেই ট্রেনটি আয় করেছে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা। এ সময়ে ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করেছে ট্রেনটি। রেলওয়ের টিকিট বিক্রির তথ্য বলছে, নতুন গন্তব্য যুক্ত হওয়ায় ট্রেনটির আয় ও যাত্রীসংখ্যা- দুটিই বেড়েছে।
গত ২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ ঢাকা-চট্টগ্রাম থেকে বাড়িয়ে কক্সবাজার পর্যন্ত করা হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনটি ৮৪ হাজার ৬০৪ জন যাত্রী পরিবহন করে আয় করেছিল ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা। সেই হিসাবে নতুন রুটে মাত্র দুই সপ্তাহে আগের মাসের মোট আয়ের প্রায় ৮৮ শতাংশ এসেছে।
কক্সবাজার রেলপথে যাত্রীদের চাহিদা আগে থেকেই বেশি। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ার আগে এ পথে চার জোড়া বা ৮টি ট্রেন চলাচল করত। এর মধ্যে দুই জোড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এবং বাকি দুই জোড়া চট্টগ্রাম থেকে চলাচল করত। নতুন ট্রেন যুক্ত হওয়ায় বর্তমানে এ রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জোড়া বা ১০টিতে।
মহানগর এক্সপ্রেসের নতুন রুটের সবচেয়ে বড় সুবিধা হলো, মাঝপথের বিভিন্ন এলাকার যাত্রীরাও এখন সরাসরি কক্সবাজার যেতে পারছেন। প্রতিদিন রাত সাড়ে আটটায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে ট্রেনটি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্টেশনে থামে। আগে ঢাকা থেকে কক্সবাজারগামী বিরতিহীন ট্রেনগুলোতে এসব এলাকার যাত্রীদের ওঠার সুযোগ সীমিত ছিল। নতুন ব্যবস্থা সেই ভোগান্তি কমিয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৪ দিনে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসে ২৯ হাজার ৩৮০ জন যাত্রী ভ্রমণ করেছেন। এ পথে আয় হয়েছে ১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে যাত্রী ছিলেন ২৫ হাজার ৯৯ জন, আয় হয়েছে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। স্টেশনভিত্তিক হিসাবে চট্টগ্রাম থেকে ৮ হাজার ৩৯২, কুমিল্লা থেকে ৪ হাজার ১২৫, ভৈরব বাজার থেকে ২ হাজার ৭১৮ এবং ফেনী থেকে ২ হাজার ৬৮৬ জন যাত্রী ট্রেনে উঠেছেন।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস জানিয়েছেন, কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা অনেক বেশি। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ার পর যাত্রী ও আয়- দুই ক্ষেত্রেই ইতিবাচক সাড়া মিলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগে ট্রেনটি দিনে প্রায় ৮ লাখ টাকা আয় করলেও এখন তা বেড়ে ১৪ থেকে ১৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় এ পথে আরও ট্রেন চালু করা হলে রেলওয়ের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন