পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নবেম্বর) বিকেল ৩টার দিকে পটিয়া সদরস্থ উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম পটিয়া পৌর সদরের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
জানা গেছে, আবুল কালাম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। বিকেল ৩টার দিকে তিনি উপজেলা ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি চলন্ত বাস অসাবধানতাবশত তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার উপ পরিদর্শক ইশান জানান, সড়কের পাশে ঘুমিয়ে পড়েছিলেন এক বৃদ্ধ। চলন্ত একটি বাস ওই ব্যক্তিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যায়। নিহতের পরিচয় মিলেছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন