পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় একটি নির্জন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা মো. নাছির ও মো. কাইসার। তবে নাছির ও কাইসারের সাংগঠনিক পদ-পদবি জানা যায়নি। তাদের তিনজনেরই বাড়ি কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোরনখাইন এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত আবদুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, মো. ইউসুফের ছেলে মো. কাইসার এবং আহমদ আলীর ছেলে মো. নাছির। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনসংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।