কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর আহত স্কুলছাত্রী ও অভিযুক্ত কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দুজনকে একসঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাওয়ায় তাদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে ছড়িয়ে পড়া ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে ছবিগুলো ছড়িয়ে পড়ে। একটি ছবিতে দেখা যায়, রেস্টুরেন্টে বসে দুজন খাবারের মেনু দেখছেন। অন্য একটি ছবিতে তাদের সামনে বেশ কয়েকটি ফুল রাখা অবস্থায় হাসিমুখে বসে থাকতে দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, জাকিয়া ও ইমনের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। কারও কারও ধারণা, তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ কিংবা অভিমান থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে বলে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জাকিয়ার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত বলে দাবি পরিবারের সদস্যদের। এসব ঘটনার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তবে অভিযুক্ত ইমনের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায়। স্কুল ছুটির পর বাড়িতে ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় সেখানে এসে ইমন ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত কিশোর ছুরিটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় ওইদিন রাতেই জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ১৭/৪৩৯।

এদিকে, ঘটনার পর ইমন ও তার মা শহরের পূর্ব মজমপুর এলাকার বাসা ছেড়ে চলে যান। তাদের বাসাটি তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনে অবস্থিত। জানা গেছে, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন এবং বড় ভাই নেদারল্যান্ডসে বসবাস করেন।

প্রতিবেশীদের তথ্যমতে, ইমন একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনায় বারবার অকৃতকার্য হওয়ায় এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে বলে জানা গেছে। এলাকায় তার চলাফেরা ও প্রতিবেশীদের সঙ্গে মেলামেশাও ছিল সীমিত। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অবশেষে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নেওয়া হলে শুনানি শেষে বিচারক কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।