দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। আক্রান্তের সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। এ পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান নিয়ে আজ শনিবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। আইডিএফের উদ্যোগে ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ-সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

আইডিএফের পূর্বাভাস বলছে, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রায় পরিবর্তন এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সময়মতো পরীক্ষা করানোর মাধ্যমে রোগটির ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করা এবং খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনা জরুরি। বিশেষ করে ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. ফারিয়া আফসানা আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। তবে এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন। ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি ঘিরে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশ এবং পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতির অঙ্গপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলার অধিভুক্ত সমিতিগুলোও নিজ নিজ এলাকায় কর্মসূচি পালন করছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধে আগাম পদক্ষেপ নিতে উৎসাহিত করা।