ইউরোপের অন্যতম উন্নত দেশ সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা খাতে বিদেশে প্রশিক্ষিত চিকিৎসকদের ওপর নির্ভরতা বাড়ছে। চিকিৎসক সংকট মোকাবিলায় আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত জনশক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশি চিকিৎসকদের জন্যও দেশটিতে পেশাগত ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেখানে কাজ করতে হলে বেশ কিছু কঠোর যোগ্যতা ও প্রশাসনিক প্রক্রিয়া পূরণ করতে হবে।

সুইস মেডিকেল অ্যাসোসিয়েশন (এফএমএইচ)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে কর্মরত চিকিৎসকদের ৪৩ শতাংশ বিদেশে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেছেন। ২০১৫ সালে এ হার ছিল ৩২ শতাংশ। অর্থাৎ দেশটির চিকিৎসক জনবলের একটি বড় অংশ বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। তবে বিদেশি চিকিৎসকের বড় অংশই জার্মানি, ইতালি, ফ্রান্স ও অস্ট্রিয়ার মতো প্রতিবেশী দেশ থেকে আসেন। ফলে বাংলাদেশি চিকিৎসকদের জন্য সুযোগ থাকলেও প্রতিযোগিতা ও স্বীকৃতির বিষয়টি গুরুত্বপূর্ণ।

শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি নিবন্ধন

বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে অর্জিত এমবিবিএস ডিগ্রি সুইজারল্যান্ডে সরাসরি স্বীকৃত নয়। দেশটির ফেডারেল অফিস অব পাবলিক হেলথের (FOPH) অধীন মেডিকেল প্রফেশনস কমিশন (MEBEKO) বিদেশি চিকিৎসকদের ডিগ্রি ও যোগ্যতা-সংক্রান্ত আবেদন মূল্যায়ন করে। ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের বাইরের দেশের ডিগ্রির ক্ষেত্রে সরাসরি স্বীকৃতির সুযোগ সাধারণত নেই। তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অস্বীকৃত বিদেশি ডিগ্রি নিবন্ধন, পরোক্ষ স্বীকৃতি অথবা সুইজারল্যান্ডের নিজস্ব ডিপ্লোমা অর্জনের পথ রয়েছে।

ভাষাগত দক্ষতা বাধ্যতামূলক

সুইজারল্যান্ডে চিকিৎসক হিসেবে কাজ করতে হলে সংশ্লিষ্ট অঞ্চলের ভাষায় দক্ষতা থাকতে হবে। দেশটির প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে জার্মান, ফ্রেঞ্চ ও ইতালীয়। চিকিৎসকের পেশাগত কাজের জন্য যে ভাষা প্রয়োজন, সেই ভাষায় অন্তত বি২ (B2) পর্যায়ের দক্ষতার প্রমাণ মেডিকেল প্রফেশনস রেজিস্টারে (MedReg) অন্তর্ভুক্তির ক্ষেত্রে গ্রহণযোগ্য। স্বীকৃত ভাষা সনদ, সংশ্লিষ্ট ভাষায় অর্জিত পেশাগত শিক্ষা অথবা নির্দিষ্ট মেয়াদের কাজের অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা প্রমাণ করা যায়।

লাইসেন্স ও কাজের অনুমতি

বিদেশি চিকিৎসকদের সুইজারল্যান্ডে কাজের আগে MEBEKO-এর প্রক্রিয়া সম্পন্ন করে মেডিকেল প্রফেশনস রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করতে হয়। নিবন্ধনের পরও কাজের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ক্যান্টনের স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হতে পারে। তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়া এবং স্বাধীনভাবে চিকিৎসা পেশা পরিচালনার নিয়ম এক নয়। বাংলাদেশি ডিগ্রিধারীদের জন্য নির্দিষ্ট শর্ত পূরণ ছাড়া সরাসরি চিকিৎসক হিসেবে কাজ শুরু করা সম্ভব নয়।

কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে

প্রাথমিক চিকিৎসা, শিশুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও অভ্যন্তরীণ মেডিসিনের মতো ক্ষেত্রগুলোতে দক্ষতা থাকলে আন্তর্জাতিক চাকরির বাজারে সুযোগ খোঁজা যেতে পারে। তবে সুইজারল্যান্ডে এসব বিশেষজ্ঞের চাহিদা, নিয়োগের শর্ত এবং বিদেশি ডিগ্রির স্বীকৃতি এক বিষয় নয়। তাই চাকরির আবেদন করার আগে সংশ্লিষ্ট হাসপাতাল, ক্যান্টন এবং MEBEKO-এর নিয়ম যাচাই করা জরুরি।

সুইজারল্যান্ডে চিকিৎসকদের বেতন ও জীবনযাত্রার মান তুলনামূলক আকর্ষণীয় হলেও পদ, অভিজ্ঞতা, বিশেষায়ন, কর্মস্থল ও ক্যান্টনভেদে পারিশ্রমিকের পার্থক্য রয়েছে। একইভাবে দেশটিতে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতিও চাকরি পেলেই স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না; এর জন্য আলাদা অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।

সব মিলিয়ে, সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা খাতে বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণ বাংলাদেশের চিকিৎসকদের জন্য সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে ভাষা শেখা, ডিগ্রি নিবন্ধনের নিয়ম জানা, প্রয়োজনীয় ক্লিনিক্যাল অভিজ্ঞতা অর্জন এবং চাকরি ও অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণের প্রস্তুতি নিতে হবে।