ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেও দিল্লি সফল হয়নি বলে জানিয়েছে বিবিসি বাংলা। এ পরিস্থিতিতে তাঁর বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টিকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে ভারত। তবে প্রত্যাবর্তনের প্রক্রিয়া, নিরাপত্তা ও বিচারসংক্রান্ত নানা বিষয় এখনো অনিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় মৃত্যুদণ্ডের রায়ও এসেছে। এর মধ্যে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর এই ঘোষণার পেছনে দিল্লির সম্মতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে অতীতে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের আলোচনা হয়েছিল। কিন্তু নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, বাংলাদেশে ফিরে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়াই তাঁর জন্য বাস্তবসম্মত পথ হতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সম্পর্কিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরে ভারতকে কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে একাধিকবার তাগাদা দেওয়া হলেও দিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি। বিবিসির প্রতিবেদনে ভারতীয় পর্যবেক্ষকদের বরাত দিয়ে বলা হয়েছে, দীর্ঘদিনের মিত্র হিসেবে শেখ হাসিনাকে বন্দির মতো করে বাংলাদেশে পাঠাতে আগ্রহী নয় ভারত। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আইনি দিকগুলোও এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের সম্ভাব্য দুটি শর্ত রয়েছে। প্রথমত, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর যেন তিনি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচার পাওয়ার সুযোগ পান, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। তবে এসব শর্তের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। বিষয়গুলো নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও ভারত গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ক্ষেত্রে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ কাজে লাগানোর বিষয়ে দিল্লির আগ্রহের কথা বলা হয়েছে। প্রতিবেদনে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের দিল্লি সফর এবং দেশটির সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গও এসেছে। তবে এসব যোগাযোগের সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে দিল্লির পর্যবেক্ষকদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। ভারতীয় কর্মকর্তাদের একটি অংশের ধারণা, শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে—এমন আশঙ্কা বাংলাদেশ সরকারের থাকতে পারে। অন্যদিকে, তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিকভাবে উৎসাহ তৈরি করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রয়োজনীয় শর্ত, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির সমন্বয় না হলে ডিসেম্বরের মধ্যে তাঁর দেশে ফেরার সম্ভাবনা কম বলে মনে করছেন দিল্লির কয়েকজন পর্যবেক্ষক।