দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৪৩০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়। হবিবর রহমানের বাড়ির বাইরের একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো. মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই অটো গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচজনকে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), বিপ্লব রানা ওরফে রানা (২০), মোস্তাকিম (২৪), মইনুল ইসলাম বাসু (২১) ও শান্ত ইসলাম সিয়াম (২১)। তাঁদের সবার বাড়ি চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায়।

এ ঘটনায় হবিবর রহমান (৫০) ও তাঁর স্ত্রী মেহের নেগার ওরফে মেহেরুনেচ্ছাকে (৪৫) পলাতক আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় ১৬ নভেম্বর ২০২৬ তারিখে চিরিরবন্দর থানায় মামলা নম্বর ১৩ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় করা মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. সাইফুল আলমকে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।