কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড় তিনটি গাছের একাংশ কেটে রাখার ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান এবং মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।

মহাসড়কের দুই স্থানে গাছ কাটার ঘটনা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলা সীমান্তসংলগ্ন চৌদ্দগ্রামের লাটিমি রাস্তার মাথার বাঁশতলা এলাকা এবং মিয়াবাজারের ফুড প্যালেসের সামনের সড়কে গাছ কাটার ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় সড়কের পাশের বড় তিনটি গাছের প্রায় এক-তৃতীয়াংশ কেটে রাখে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, চৌদ্দগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ঝুঁকিপূর্ণ গাছগুলোর বাকি অংশ কেটে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

দ্রুত পদক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের বাকি অংশ কেটে মহাসড়ক থেকে অপসারণ করেন। এতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, মহাসড়কের পাশে একটি গাছ অর্ধেক কাটা অবস্থায় পাওয়া যায়। গাছটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় সেটি কেটে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি নাশকতার উদ্দেশ্যে, নাকি গাছ চুরির জন্য ঘটানো হয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মহাসড়কের পাশে গাছ কেটে রাখার ঘটনায় যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।