সিয়ামের মৃত্যু রাজধানীতে আলোচনার সৃষ্টি করেছে। হামে আক্রান্ত হয়ে তিন বছরের শিশু সিয়ামের মৃত্যু হওয়ার পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল কামরাঙ্গীরচরে সিয়ামের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তিনি জানান, সিয়ামের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন তারেক রহমানের নজরে আসে। এরপর দ্রুত শোকাহত পরিবারটির পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্রতিনিধি দলটি কামরাঙ্গীরচরে গিয়ে সিয়ামের বাবা মো. শামীম ও মা নাহারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায়। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে অসুস্থ থাকা পরিবারের আরেক সন্তান নিহালের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। এ সময় সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত মাসে পরিবারের বড় ছেলে নিহাল (৬) ও ছোট ছেলে সিয়াম (৩) হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরের দিন সিয়ামের মৃত্যু ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন