নব্বই দশকের সংগীতাঙ্গনের পরিচিত মুখ শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাছ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ আসর গোপীবাগ জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন শেখ সাহেদ। প্রায় চার বছর ধরে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। এ সময় নিয়মিত ডায়ালাইসিসও নিতে হতো তাঁকে।

সংগীতজগতে ‘রোকযানা’ গানের মাধ্যমে বিশেষ পরিচিতি পান শেখ সাহেদ। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। নব্বই দশকের শ্রোতাদের কাছে গানগুলো তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

১৯৯১ সালে ‘প্রভু’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সংগীতজগতে নিজের যাত্রা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী। তাঁর মৃত্যুতে নব্বই দশকের বাংলা গানের ভক্ত ও সংগীতাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।