কর্ণফুলী প্রতিনিধিঃ মো. রবিউল হোসেন

চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচিত ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাবৈয়ারহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ।

পুলিশ জানায়, মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় সাজা হওয়ার পর দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন সুমন। গত ১৬ নভেম্বর ছোট ভাইয়ের বিয়েতে অংশ নিতে তিনি দেশে আসেন। সোমবার বিদেশে ফিরে যাওয়ার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার জমাদারপাড়ার শামসুল আলমের ছেলে।

জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর বড়উঠান ইউনিয়নের শাহমীরপুরের জমাদারপাড়ায় দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মো. মামুনুর রশিদ সাগরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ২। গ্রেপ্তার সুমন ওই হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক মামলার রায় ঘোষণা করেন। রায়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগিতার দায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুমন দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। ছোট ভাইয়ের বিয়েতে অংশ নিতে গত ১৬ নভেম্বর দেশে আসেন তিনি। পরে বিদেশে ফিরে যাওয়ার প্রস্তুতিকালে সোমবার মীরসরাইয়ের বাবৈয়ারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।