দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার এবং মাঠটি সর্বসাধারণের জন্য অবমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বড়মাঠ রক্ষা কমিটির উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে ক্রীড়াবিদ, ক্রীড়ামোদী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বড়মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক গোলাম নবী দুলাল, সদস্যসচিব ও সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার চিফ রিপোর্টার হুমায়ুন চিশতী, সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম ও আব্দুস সামাদ চৌধুরী।
বক্তারা বলেন, গোর-এ-শহীদ বড়মাঠ দিনাজপুরবাসীর কাছে কেবল একটি খেলার মাঠ নয়; এটি প্রজন্মের শৈশব-কৈশোর, হাজারো মানুষের স্মৃতি এবং শহরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ মাঠের সঙ্গে জড়িয়ে আছে দিনাজপুরবাসীর আবেগ, ঐতিহ্য ও আত্মপরিচয়।
তাঁরা মাঠের ব্যবস্থাপনা ও সর্বসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকারকে সুস্পষ্ট সময়সীমাসহ সিদ্ধান্ত ঘোষণার দাবি জানান। একই সঙ্গে বড়মাঠ সর্বসাধারণের জন্য অবমুক্ত না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পৌর প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাফিজুর রহমানের হাতে তুলে দেন আন্দোলনকারীরা। এ সময় তিনি মাঠের সমস্যা সমাধানে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে আশ্বাস দেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন