চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম জেলার চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে গত ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৩ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে বাকলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং-৭৫(১১)২০২০-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কেএস মোস্তফা নাইম উদ্দিন সবুজ (২৬) কে গ্রেপ্তার করা হয়। সে চন্দনাইশের উত্তর হাশিমপুর সৈয়দাবাদ খলিফা পাড়া এলাকার বাসিন্দা।

এছাড়া প্রকাশ্যে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- পশ্চিম জামিজুরীর মোহাম্মদ খোরশেদ আলম (১০০ টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড), বরকলের মোঃ ওয়াসিম মিয়া (৫০ টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড), দোহাজারীর অনাদী কান্তি নাথ (৫০ টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড) এবং গাছবাড়ীয়া তালুকদার পাড়ার কাজী মোঃ আবিদুর রহমান (২৩) (৫০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের এই দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"