চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আফরিন ফারজানা পিংকি।

সোমবার (২৩ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ইউএনও তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জানা যায়, তিনি ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। ২০২৪ সালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সেখানে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পর পদোন্নতি ও বদলিজনিত কারণে তিনি প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে চন্দনাইশে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করলেন।

আফরিন ফারজানা পিংকির নিজ জেলা ঢাকা। তিনি বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা থেকে এসএসসি ও এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকরি জীবনের আগে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জননী।

উল্লেখ্য, তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়মিত দায়িত্বের পাশাপাশি দোহাজারী পৌরসভা এবং ৫নং বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

নবাগত এসিল্যান্ড আফরিন ফারজানা পিংকি বলেন, "ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করতে সর্বোচ্চ চেষ্টা করব। ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণের পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে থাকব। এ জন্য সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।"

ছবির ক্যাপশন: নবাগত এসিল্যান্ড আফরিন ফারজানা পিংকিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চন্দনাইশের ইউএনও মো. আবদুর রহমান।