দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে কথিত সিন্ডিকেট, অনিয়ম-দুর্নীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমের অভিযোগে প্রতিবাদ র্যালি, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সমাবেশে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচিতে জিয়াউর রহমান জিয়া, মহিউদ্দিন মণ্ডল বকুল, মাসুদ রানা, নুরে আলম খোকনসহ কয়েক হাজার সচেতন নাগরিক অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাসপাতাল ও কলেজের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ বণ্টন, সরকারি সম্পদের ব্যবহার এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। অর্থের বিনিময়ে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া, সরকারি মালামাল আত্মসাৎ এবং পদোন্নতি ও পছন্দের পদে দায়িত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও তুলে ধরা হয়।
স্মারকলিপিতে এসব অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ থাকার দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানানো হয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান আয়োজকরা।
বক্তারা বলেন, সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান জনগণের সম্পদ। এখানে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। অবিলম্বে অভিযোগগুলোর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতাল ও কলেজে স্বাভাবিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন