পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকালে বিএনপির কোনো নেতা-কর্মী টাকা নিলে এবং তার প্রমাণ পাওয়া গেলে দল থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী।
২৩ নভেম্বর সোমবার দুপুরে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মফজল আহমদ চৌধুরী বলেন, সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে টাকা নেওয়ার নানা অভিযোগ শোনা যাচ্ছে। খরনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডেও টাকা নেওয়ার একটি তথ্য পেয়েছি। টাকা নেওয়ার কোনো প্রমাণ পাওয়া গেলে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে সরাসরি বহিষ্কার করা হবে। তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও কোনো গাফিলতি করলে তাদের বেতন দেওয়া হবে না। সরকার তথ্য সংগ্রহের জন্য অর্থ ব্যয় করে লোক নিয়োগ দিয়েছে। কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। পরে তিনি খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
খরনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর। এতে বক্তব্য দেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তারেক রহমান, মোহাম্মদ লোকমান ও সাবেক ইউপি সদস্য আবদুল করিম মেম্বার। স্বাগত বক্তব্য দেন খরনা ইউনিয়ন ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার তাপস চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক ১ নম্বর ওয়ার্ড সভাপতি আবু তাহের, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম বাঁশি, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিক, বিএনপি নেতা শাহজাহান, মোহাম্মদ সেকান্দর ও সোয়েব, কৃষকদল নেতা আমির খাঁ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফি, আবদুর রশিদ ও মোহাম্মদ একরামসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম শুরু করেছেন। এসব কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র নারীদের ও কৃষিজীবীদের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হবে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ছাত্রীদের উপবৃত্তি চালু করে নারীর ক্ষমতায়নে জোর দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং নারীদের আর্থিক কষ্ট লাঘবে উদ্যোগ নিয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন