পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনামের উদ্যোগে স্থাপিত অভিযোগ বাক্সগুলোতে এক মাসেও কোনো অভিযোগ জমা পড়েনি। রোববার (২২ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকায় বসানো অভিযোগ বাক্সগুলো খোলা হলে সবকটি বাক্স খালি পাওয়া যায়।

জানা গেছে, সরকারি দপ্তরের সেবার মান নিশ্চিত করা এবং বিভিন্ন অনিয়ম, দখলবাজি ও চাঁদাবাজির তথ্য জানতে গত অক্টোবরে পটিয়ার বিভিন্ন সরকারি কার্যালয়, বড় বাজার ও ইউনিয়ন পরিষদে মোট ৬০টি অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি এনামুল হক এনাম।

তখন তিনি জানিয়েছিলেন, ভুক্তভোগীরা সরকারি দপ্তরের অনিয়ম কিংবা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখে এসব বাক্সে জমা দিতে পারবেন। একটি কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহে অভিযোগ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এ উদ্যোগকে তখন স্থানীয় বাসিন্দারাও স্বাগত জানান।

রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমপি এনামুল হক এনাম বলেন, ‘সমস্যা থাকলেও নানা কারণে সবাই আমার সঙ্গে দেখা করতে পারেন না। তাই সাধারণ মানুষের সমস্যার কথা জানতেই এসব বাক্স স্থাপন করেছিলাম। কিন্তু গত এক মাসে একটি অভিযোগও জমা হয়নি। কারও কোনো সমস্যা থাকলে তা জানানোর জন্য প্রয়োজনে আরও প্রচার চালানো হবে। এ দায়িত্ব শুধু বিএনপির নয়, সংবাদকর্মী ও সচেতন মহলেরও।’

এ সময় পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।