বছরের শেষটা বলিউডের দুই খানের সিনেমা দিয়ে জমে উঠতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। অন্যদিকে বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা শাহরুখ খানের ‘কিং’ সিনেমার।
মুক্তির তারিখ কাছাকাছি হলেও শাহরুখের সিনেমার সঙ্গে বক্স অফিসে কোনো ধরনের সংঘাতে যেতে চান না সালমান খান। বরং হলিউডের বড় বাজেটের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’ কিংবা ‘ডিউন’-এর সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে সিনেমার মুক্তির তারিখ ও সম্ভাব্য বক্স অফিস সংঘাত নিয়ে কথা বলেন সালমান। সেখানে তিনি স্পষ্ট জানান, শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছা নেই।
সালমান বলেন, ‘শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আমি শাহরুখ এবং ওর মেয়ে সুহানার সিনেমার সঙ্গে কোনো ধরনের সংঘাত চাই না। কোনোভাবেই না।’
তিনি আরও বলেন, ‘অ্যাভেঞ্জার্স বা ডিউনের মতো হলিউড সিনেমাগুলোর সঙ্গে আমি অনায়াসেই পাল্লা দিতে পারি। যদিও সেগুলো এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি যদি আমার সিনেমার মুক্তির তারিখ বদলাই, তবে শাহরুখের কিং তার এক সপ্তাহ পরে মুক্তি পাবে। আর আমি কোনো সংঘাত চাই না।’
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সঙ্গেও সংঘাত এড়ানোর সিদ্ধান্ত
শুধু শাহরুখের ‘কিং’ নয়, অন্য একটি বড় বাজেটের বলিউড সিনেমার সঙ্গেও মুক্তির তারিখের সংঘাত এড়াতে চেয়েছেন সালমান। সিনেমাটি হলো সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। এতে অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কাপুর ও আলিয়া ভাট।
শোনা যাচ্ছিল, সালমানের ‘মাতৃভূমি’ ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে। তবে শেষ পর্যন্ত ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতারা।
এ বিষয়ে সালমান জানান, আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তির পরিকল্পনায় রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। তাই ওই সিনেমার সঙ্গে নিজের ছবির মুক্তি নিয়ে কোনো প্রতিযোগিতা তৈরি করতে চাননি তিনি।
সালমানের ভাষ্য, পরের বছর ২৬ জানুয়ারি বানসালির বড় বাজেটের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এতে ভিকি কৌশল, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনয় করছেন। এ ছাড়া মার্চ মাসে তাঁর নিজের আরেকটি সিনেমা ‘মনস্টার’ মুক্তির পরিকল্পনা রয়েছে। তাই নিজের দুই সিনেমার মুক্তির তারিখের মধ্যেও সংঘাত চান না তিনি।
নাম পরিবর্তনসহ নানা জটিলতা পেরিয়ে মুক্তির অপেক্ষায় ‘মাতৃভূমি’
‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি নিয়েও নির্মাতাদের নানা জটিলতার মুখে পড়তে হয়েছে। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন, সেন্সর বোর্ডের ছাড়পত্রসহ বিভিন্ন কারণে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ নিয়ে চীনের আপত্তির বিষয়টিও আলোচনায় আসে।
সব বাধা পেরিয়ে অবশেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে সিনেমাটির। ফলে বছরের শেষ মাসে সালমান ও শাহরুখের নতুন সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন